সিলেট নগরের হলদিছড়া থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদে কাজ শুরু করেছে সিটি করপোরেশন। আগামী সপ্তাহের মধ্যে অবৈধ দখলকারীদের স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গতকাল শুক্রবার মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে ছড়ায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সময় এ আহ্বান জানানো হয়। এর ব্যত্যয় ঘটলে সিটি করপোরেশন যথাযথ ব্যবস্থা নেবে বলে জানানো হয়।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে নগরের শাহজালাল উপশহর ও তেরোরতন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এ সময় এ দুটি এলাকা দিয়ে প্রবাহিত হলদিছড়ার ওপর নির্মিত দেয়াল ও অবৈধ স্থাপনাকারীদের দ্রুত নিজেদের উদ্যোগে দখল ছেড়ে দেওয়ার জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়। আগামী সপ্তাহের মধ্যে দখল ছেড়ে না দেওয়া হলে শিগগিরই সিটি করপোরেশন কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা করবে বলে জানানো হয়। দুপুর সোয়া ১২টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় হলদিছড়া থেকে তিন ট্রাক আবর্জনা অপসারণ করা হয়।
অভিযান চলাকালে সিটি করপোরেশনের কাউন্সিলর সুহেল আহমদ, আব্দুর রকিব, সৈয়দ মিছবাহ উদ্দিন, নারী কাউন্সিলর ছালেহা কবীর, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, জলাবদ্ধতার কবল থেকে মুক্ত রাখতে হলে নগরের ওপর দিয়ে প্রবাহিত সব ছড়া, খাল, নালা ও নর্দমা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। এর অংশ হিসেবে সিটি করপোরেশনের পক্ষ থেকে হলদিছড়ায় অভিযান চালানো হয়েছে। আগামী কয়েক সপ্তাহ ধারাবাহিকভাবে হলদিছড়ায় পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি উচ্ছেদ অভিযানও চলবে।