হলদিবুনিয়া স্কুলে যা ঘটল তা কি তান্ত্রিকের কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলা উপজেলার হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস শুরুর আগে প্রতিদিনের মতো স্কুলমাঠে সারিবদ্ধভাবে দাঁড়ানো। হঠাৎ তাদের মধ্য থেকে একে একে সাতজন মাটিতে লুটিয়ে পড়ল। স্কুলসংলগ্ন কালীমন্দিরের সামনের রাস্তায় একইভাবে লুটিয়ে পড়লেন পথচারী দুই গৃহবধূ এবং এক কলেজছাত্রী। এরপর তারা কখনো শুয়ে আবার কখনো বসে বা দাঁড়িয়ে বিচিত্র অঙ্গভঙ্গি ও অসংলগ্ন কথা বলা শুরু করল। শুরু হলো হইচই। গতকাল বুধবার সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে ওই স্কুলমাঠে এই ঘটনা ঘটে।এ সময় সেখানে উৎসুক লোকজনের ভিড় জমে যায়। খবর পেয়ে মংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার, ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাঈদুর রহমান ও মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনোয়ার শাহাদাত সেখানে হাজির হন। তাঁরা অসুস্থদের চিকিৎসাসেবা দেন। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুপুরে হলদিবুনিয়া গ্রাম থেকে প্রভাস কর (৩৫) ও বিকেলে খুলনা থেকে জ্যোতির্ময় বুড়িনন্দ মহারাজ (৪২) নামের এক তান্ত্রিককে গ্রেপ্তার করেছে। ‘আমাদের কাছে তাদের আচরণ বিস্ময়কর লাগছিল। সে দৃশ্য বলে বোঝানোর মতো নয়। তারা সাপের মতো নাচছিল। তবে তারা যে অভিনয় বা ইচ্ছাকৃতভাবে কিছু করছিল না, তা বোঝা যাচ্ছিল। তারা ছিল মোহাচ্ছন্ন এবং খুব কষ্টও পাচ্ছিল। একপর্যায়ে আমরা সেখানে চিকিৎসক ডেকে আনি এবং তাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করি।’ অস্বাভাবিক এই ঘটনার চিত্র এভাবেই বর্ণনা করেন মংলার ইউএনও মো. সাঈদুর রহমান।অসুস্থ হয়ে পড়া ওই ১০ জন হলো—অষ্টম শ্রেণীর ছাত্রী সালমা, তৃতীয় শ্রেণীর ছাত্র তন্ময়, নবম শ্রেণীর পিংকি বিশ্বাস, অষ্টম শ্রেণীর চুমকি হালদার, দশম শ্রেণীর শুভ্রা মৃধা ও সবুজ মণ্ডল, চতুর্থ শ্রেণীর মিনারা, স্থানীয় কলেজছাত্রী রিনা হালদার এবং গৃহবধূ গৌরী মৃধা ও তুলসী মণ্ডল। এদের মধ্যে তন্ময়, পিংকি, চুমকি ও শুভ্রাকে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এই গ্রামের অধিকাংশ লোকের বিশ্বাস, চট্টগ্রামের সীতাকুণ্ডু থেকে আসা জ্যোতির্ময় বুড়িনন্দ মহারাজ নামের এক তান্ত্রিকের প্রভাবে এই অসুস্থতার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ২৩ জানুয়ারি তিনি আবার ওই গ্রামে যান এবং গতকাল ভোরে গ্রাম ত্যাগ করেন। এর আগে গত বছর দুই দফা তিনি ওই গ্রামে গিয়ে তন্ত্রসাধনা করেন। সেবারও বেশ কয়েকজন অসুস্থ হয়েছিল।হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল হালদার গতকাল দুপুরে এ প্রতিবেদককে বলেন, ‘ঘটনার শিকার শিক্ষার্থীরা সাপের মতো অঙ্গভঙ্গি করছিল এবং বিভিন্ন অসংলগ্ন কথা বলছিল। তাদের এই পরিণতির পেছনে ওই তান্ত্রিকের হাত রয়েছে বলে আমার বিশ্বাস।’অসুস্থ হয়ে পড়া চুমকি হালদারের চাচা পলাশ হালদার বলেন, ‘এর আগে একই ধরনের একটি ঘটনায় তন্ত্রমন্ত্রের মাধ্যমে অসুস্থদের ভালো করে তোলা হয়েছিল। তাই আমাদের মনে হচ্ছিল, হাসপাতালে নিয়ে এদের সুস্থ করা সম্ভব নয়। তবু প্রশাসনের কথায় আমরা আমাদের মেয়েকে হাসপাতালে নিয়েছি। শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়লেও এখন সে অনেকটাই সুস্থ।’ মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আনোয়ার শাহাদাত এ ঘটনাকে ম্যাস হিস্টিরিয়া বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী ও অন্যদের সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, তারা প্রত্যেকেই ওই তান্ত্রিকের সংস্পর্শে এসেছিল এবং ওই তান্ত্রিকের তন্ত্রমন্ত্রের প্রভাবে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিল। গতকাল সকালে তারা এর প্রভাবে ম্যাস হিস্টিরিয়ায় আক্রান্ত হয়। এটা কোনো অলৌকিক ঘটনা নয়। সাদামাটাভাবে বললে, তারা ওই তান্ত্রিকের প্রতারণার শিকার। ঘটনাস্থলে গিয়ে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই এখন সুস্থ আছে।’মংলার ইউএনও সাঈদুর রহমান জানান, সচেতনতা সৃষ্টি এবং মানুষের মন থেকে ভয় ও বিভ্রান্তি দূর করতে মংলা উপজেলা প্রশাসন আজ বৃহস্পতিবার বিকেলে হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সভা আহ্বান করেছে। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, এই ঘটনায় হলদিবুনিয়া গ্রামের অমলেন্দু মজুমদার বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ খুলনা থেকে তান্ত্রিক জ্যোতির্ময় বুড়িনন্দ মহারাজ এবং হলদিবুনিয়া গ্রাম থেকে প্রভাস কর নামে তাঁর এক আশ্রয়দাতাকে আটক করেছে।