হলফনামা লুকিয়ে রেখেছে ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারির সংসদ নির্বাচনের সময় হলফনামা নিয়ে একধরনের লুকোচুরির আশ্রয় নিয়েছিল নির্বাচন কমিশন। গণমাধ্যম এসব হলফনামা ধরে সাংসদ-মন্ত্রীদের ফুলে-ফেঁপে ওঠার কাহিনি প্রকাশ করে দেয়। কিন্তু এবার উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন গণমাধ্যমকে আর সেই সুযোগ দিতে চাইছে না।
উপজেলা নির্বাচনের প্রার্থীরা তাঁদের ব্যক্তিগত সাতটি তথ্য-সংবলিত হলফনামা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন। উপজেলা নির্বাচনী বিধান অনুযায়ী, কমিশনের নিজ উদ্যোগেই এসব তথ্য প্রকাশ করার কথা। অতীতে কমিশন সেটাই করেছে। কিন্তু এবার কমিশন ওয়েবসাইটে এসব হলফনামা প্রকাশের কোনো উদ্যোগ নেয়নি। ফলে তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ভোটার।
হলফনামা কেন প্রকাশ করা হচ্ছে না? এতে আইন লঙ্ঘিত হচ্ছে কি না, জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, প্রার্থীদের তথ্য প্রকাশ করা হয়েছে কি হয়নি, সে বিষয়টি তাঁর জানা নেই। এটি নির্বাচন কমিশন সচিবালয় দেখছে। কমিশন সচিবালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনো মন্তব্য করতে চাননি।
কমিশনের এই নীরবতা সঠিক নয় বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, হলফনামা প্রকাশ পেলে ভালো বা খারাপ প্রার্থী সম্পর্কে ভোটাররা ধারণা পান। বর্তমান সংসদের অনেক সদস্য সম্পর্কে প্রধানমন্ত্রী হলফনামা থেকে তথ্য পেয়েছেন। দেখা গেছে, প্রধানমন্ত্রী তাঁদের দূরে সরিয়ে রেখেছেন। তাহলে এখন কাদের স্বার্থে কমিশন এমনটা করছে, তা বোধগম্য নয়।
প্রথম দফায় আর সাত দিন পরই ১৯ ফেব্রুয়ারি ৯৭টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। এর আগে ২০০৯ সালে উপজেলা নির্বাচনের আগে প্রার্থীদের হলফনামা প্রকাশ করে নির্বাচন কমিশন। সে সময় নির্বাচন কমিশন ওয়েবসাইটে হলফনামা প্রকাশের পাশাপাশি প্রার্থীদের সাত তথ্য-সংবলিত প্রচারপত্র (লিফলেট) জনাকীর্ণ স্থানে টাঙিয়ে দেয় ও বিতরণ করে।
৫ জানুয়ারির সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন প্রথমে ওয়েবসাইটে হলফনামা প্রকাশ করে। এসব হলফনামা ধরে প্রার্থীদের ফুলে-ফেঁপে ওঠার কাহিনি গণমাধ্যমে প্রকাশ হওয়া শুরু হলে হঠাৎ কমিশনের ওয়েবসাইটটি ধীরগতির রূপ ধারণ করে। অভিযোগ আছে, তথ্য পেতে গণমাধ্যমকে বাধাগ্রস্ত করতেই কৌশলে ওয়েবসাইটটির গতি কমিয়ে দেওয়া হয়।
ওই সময় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে হলফনামার তথ্য প্রকাশ না করার অনুরোধ জানান। কিন্তু ততদিনে ওয়েবসাইটে তথ্য প্রকাশ হয়ে যাওয়ায় কমিশন তা আর সরিয়ে নেয়নি।
৯৭ উপজেলায় ভোটের দিন ঘনিয়ে এলেও এখনো ভোটাররা প্রার্থীদের সম্পর্কে সাত তথ্য জানতে পারেননি। কয়েকটি উপজেলায় সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তথ্য চাওয়া হলেও পাওয়া যায়নি। বগুড়া, রংপুর, খুলনা, রাজশাহী, চট্টগ্রামসহ কয়েকটি জেলায় খোঁজ নিয়ে হলফনামা প্রকাশের ব্যাপারে কোনো উদ্যোগ লক্ষ করা যায়নি।
সাত তথ্য: এগুলো হলো প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বর্তমান ও অতীতের মামলা-সম্পর্কিত তথ্য, নিজের ও নির্ভরশীলদের আয়ের উৎস, পেশা, নিজের ও নির্ভরশীলদের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য, ঋণ-সংক্রান্ত তথ্য। এ ছাড়া প্রার্থী আয়কর দেন কি না, সে তথ্যও দিতে হয়।
উপজেলা নির্বাচন বিধিমালা ২০১৩-এর ১৫(৩)(ঈ) ধারা অনুযায়ী, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের হলফমানার মাধ্যমে এই সাতটি তথ্য দেওয়া বাধ্যতামূলক। আইন অনুযায়ী নির্বাচন কমিশনকে এই তথ্যগুলো প্রচার করতে হবে। সাধারণ মানুষ, ভোটার বা কোনো সংস্থা তথ্যগুলো চাইলে তাদের ফটোকপি করে দেওয়ারও বিধান আছে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, তাঁরা তথ্য চেয়ে বারবার আবেদন করেছেন, কিন্তু পাচ্ছেন না। ৯ ফেব্রুয়ারি বিষয়টি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দেওয়া হয়েছে। তিনি মনে করেন, ভোটাররা প্রার্থীদের তথ্য না জেনেই ভোট দিলে সেটা আইনসিদ্ধ হবে না।