রাজধানীর দক্ষিণ-পশ্চিম যাত্রাবাড়ী (ওয়ার্ড ৫০) এলাকায় কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন পাওয়া যুবলীগের নেতা মো. সায়েম খন্দকারের বিরুদ্ধে ১৩টি মামলা ছিল। তিনি সব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বলে হলফনামায় লিখেছেন। কিন্তু একটি মামলা চলমান বলে আদালত সূত্র নিশ্চিত করেছে। এর শুনানি ২৬ এপ্রিল।
তৃণমূলের সিদ্ধান্ত উপেক্ষা করে এমন প্রার্থী মনোনয়ন দেওয়ায় দলের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বেশির ভাগ নেতাই তাঁর বিরোধিতা করছেন।
হলফনামার তথ্য অনুযায়ী, সায়েম সপ্তম শ্রেণি পর্যন্ত পড়েছেন। পেশায় মুদি দোকানদার। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত তাঁর বিরুদ্ধে রাজধানীর ডেমরা থানায় অস্ত্র আইনে, হত্যাচেষ্টা, মারামারি ও চাঁদাবাজির অভিযোগে ১০টি মামলা হয়েছে। প্রতিটি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন বলে দাবি করেছেন।
২০০৬ সালে হত্যাচেষ্টা ও মারধরের ঘটনায় এবং ২০০৭ সালে অস্ত্র আইনে মামলা হলেও পরে অব্যাহতি পান তিনি।
সর্বশেষ মারধর, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে দণ্ডবিধির সাতটি ধারায় সায়েমের বিরুদ্ধে মামলা হয় গত বছর। কিন্তু অভিযোগপত্র থেকে পুলিশ তাঁর নাম বাদ দেয়।
জানতে চাইলে তদন্ত কর্মকর্তা আবদুল্লা বিশ্বাস প্রথম আলোকে বলেন, মারামারির ওই ঘটনার সময় আসামি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং তাঁর বিরুদ্ধে কেউ সাক্ষ্য দেননি। অবশ্য মামলার এজাহারে বাদী ও মাছ ব্যবসায়ী মো. নজরুল ইসলাম বলেন, সায়েমের পরিচয় দিয়ে মো. সালাম তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় গত বছরের ৫ জুলাই সায়েম নিজে উপস্থিত হয়ে চাঁদা দাবি করেন এবং তা না দেওয়ায় তাঁকে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করেন।
আদালত সূত্রে জানা যায়, পুলিশ অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়ার প্রস্তাব পাঠালেও আদালত তা গ্রহণ করবেন কি না, তা স্পষ্ট নয়। পুলিশের প্রস্তাব আদালত গ্রহণ না-ও করতে পারেন। আবার বাদীও পুলিশের এই প্রস্তাবের বিরুদ্ধে নারাজি দিতে পারেন। আদালত বাদীকে এ বিষয়ে নোটিশ দিয়েছেন। তাই মামলাটি চলমান।
১১ এপ্রিল ওই ওয়ার্ডের একজন প্রার্থী মামলা-সংক্রান্ত তথ্যপ্রমাণ উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন।
গত রোববার সায়েমের সঙ্গে কথা বলার জন্য তাঁর বাসা ও নির্বাচনী কার্যালয়সহ বিভিন্ন স্থানে খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ঘনিষ্ঠ একজনের সহায়তায় তিনি ওয়াপদা কলোনির একটি নির্বাচনী ক্যাম্পে আছেন বলে জানা গেলেও সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কথা বলতে চাননি।
জানতে চাইলে ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা আর কে চৌধুরী বলেন, ‘৫০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে যাঁর নাম শুনেছি, তাঁর সম্পর্কে আমার ধারণা নেই। তাই এ সম্পর্কে কিছু বলতে চাই না।’
ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা জানান, দলের পক্ষে সেখানে নির্বাচন করার জন্য ওয়ার্ড আওয়ামী লীগ তিন নেতাকে সমর্থন করে। পরে দুজন মনোনয়নপত্র সংগ্রহ করলেও তা জমা না দিয়ে একজনকে সমর্থন দেওয়া হয়।
যাত্রাবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন মুরাদ বলেন, ‘আমরা কর্মীদের কাছে মুখ দেখাতে পারছি না। আওয়ামী লীগের রাজনীতিতে যাঁদের অবদান রয়েছে, তাঁদের এভাবে উপেক্ষা করায় সবাই লজ্জিত ও ক্ষুব্ধ।’ সংসদীয় আসনভিত্তিক যে কমিটি করা হয়েছিল, তাতে কেন্দ্রের পক্ষ থেকে ১৫ নম্বর আসনের প্রধান ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। জানতে চাইলে আমু বলেন, গতকালই তিনি দেশে ফিরেছেন। বিষয়টি সম্পর্কে তিনি খোঁজখবর নিচ্ছেন।