হলফনামার ঝাঁপি খুলেছে ইসি
অবশেষে হলফনামার ঝাপি খুলেছে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলা নির্বাচনের প্রার্থীদের হলফনামা গতকাল বুধবার দুপুরের পর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
উপজেলার প্রার্থীদের হলফনামা পাওয়া গেলেও কয়েক দিন থেকে সদ্য শেষ হওয়া দশম সংসদ নির্বাচনের প্রার্থীদের হলফনামা কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না।
গতকাল বুধবার প্রথম আলোতে ‘হলফনামা লুকিয়ে রেখেছে ইসি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। কমিশন এখন পর্যন্ত তিন দফায় উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। প্রথম দফায় ৯৭টি উপজেলায় ভোট গ্রহণ হবে ১৯ ফেব্রুয়ারি। এসব উপজেলার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল ৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় দফায় ১১৭টি উপজেলায় ভোট গ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি। এসব উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়েছে ১১ ফেব্রুয়ারি।
আইন অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে রিটার্নিং কর্মকর্তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা প্রচারের ব্যবস্থা করবেন।
এ বিষয়ে ৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের জারি করা পরিপত্রে বলা হয়েছে, মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা সর্বসাধারণের অবগতির জন্য উন্মুক্ত রাখতে হবে। কেউ হলফনামার জন্য লিখিতভাবে আবেদন করলে তিনি তা নিজ খরচে ফটোকপি করে নিতে পারবেন। আরও বলা হয়েছে, হলফনামা স্ক্যান করে নির্বাচন কমিশনে পাঠাতে হবে।
একই বিষয়ে উপজেলা নির্বাচনের নির্দেশিকায় বলা হয়েছে, হলফনামার তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, ইসির নির্দেশনা অনুযায়ী রিটার্নিং কর্মকর্তারা উপজেলা নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের হলফনামা নির্বাচন কমিশনে পাঠিয়েছেন। কিন্তু কমিশন এসব হলফনামা ওয়েবসাইটে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু গতকাল কমিশন দ্রুত তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে।
জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ গতকাল সাংবাদিকদের বলেন, হলফনামা রিটার্নিং কর্মকর্তারা টাঙিয়ে দিয়েছেন। যে যাঁর মতো করে নিচ্ছেন।
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় যাচাইবাছাই করতে সময় লাগছে। সে জন্য সময়মতো ওয়েবসাইটে প্রকাশ করা যায়নি।
সংসদ নির্বাচনের হলফনামা সম্পর্কে কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, হলফনামা ওয়েবসাইটে আছে। কিন্তু তা সর্বসাধারণের নাগালের বাইরে (ব্লক করে দেওয়া হয়েছে) রাখা হয়েছে। তবে ২০০৮ সালের নবম সংসদ নির্বাচন এবং ২০০৯ সালের তৃতীয় উপজেলা নির্বাচনের প্রার্থীদের হলফনামা ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আবু হাফিজ প্রথম আলোকে বলেন, ‘সংসদ নির্বাচনের হলফনামা কমিশনের ওয়েবসাইটে আছে। তবে তা কেন পাওয়া যাচ্ছে না, সেটা বলতে পারব না।’
ইসিকে নোটিশ: উপজেলা নির্বাচনের প্রার্থীদের হলফনামার তথ্য প্রচার না করায় কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে কমিশনকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার ও সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না। নোটিশটি ডাকযোগে পাঠানো হয়েছে বলে সুজনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।