হলফনামার তথ্য প্রকাশে বাধা সুজনের উদ্বেগ
নির্বাচন কমিশন প্রার্থীদের হলফনামায় দেওয়া সম্পদ বিবরণী জনসমক্ষে প্রচার না করার জন্য আইনের ফাঁকফোকর খুঁজছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
গত মঙ্গলবার সংগঠনের এক বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিনের আইনি লড়াইয়ের মাধ্যমে জনগণের তথ্যপ্রাপ্তির এ অধিকার অর্জিত হয়েছে। এর ফলে জনগণ প্রার্থী সম্পর্কে জেনে, শুনে ও বুঝে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাঁদের প্রতিনিধি নির্বাচিত করতে পারছে। জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহির চর্চায় উদ্বুদ্ধ করাও এ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল। হাইকোর্টের রায় অনুযায়ী, প্রার্থীদের পেশা ও সম্পদের বিবরণীসহ আট ধরনের তথ্য সর্বসাধারণের জানার জন্য তা প্রকাশ ও প্রচারের ব্যবস্থা করাকে আদালত নাগরিকের বাকস্বাধীনতা তথা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। আদালতের রায়ের পর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে বিষয়টি এতে অন্তর্ভুক্ত করা হয়।
সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান এবং সম্পাদক বদিউল আলম মজুমদারের সই করা বিবৃতিতে বলা হয়েছে, প্রার্থীদের হলফনামা জনসমক্ষে প্রকাশ বন্ধ হলে সমাজে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনকে যেমন একদিকে উৎসাহিত করা হবে, অন্যদিকে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচনী মাঠ থেকে বিতাড়িত করা হবে। বিজ্ঞপ্তি।