হলফনামার ফর্দ প্রধানমন্ত্রীর জন্য লজ্জার: বি. চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মন্ত্রী-সাংসদদের দেওয়া হলফনামায় পাঁচ বছরের ব্যবধানে বিপুল অর্থ-সম্পদ অর্জনের হিসাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বড় ‘লজ্জা’ বলে মন্তব্য করেছেন বিকল্পধারার সভাপতি এ কি এম বদরুদ্দোজা চৌধুরী।

গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বি. চৌধুরী এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী বলেন, ‘আপনারা দুর্নীতিমুক্ত, সাধু-সন্ন্যাসী, কত কথাই না বলতেন। এখন কী জবাব দেবেন। কী রকম দুর্নীতি করেছেন তা আমরা জানতামই না; আত্মস্বীকৃত হলফনামায় এখন সে ফর্দ বের হয়েছে। এর কতটুকু আসল, তা এখনো বের হয়নি।’ তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এত বড় চুরি কেউ করতে পারেনি। এত বড় দুর্নীতিবাজদের আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে দিয়েছেন। এটা আপনার জীবনে বড় লজ্জা, বড় পরাজয়।’

বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে বি. চৌধুরী বলেন, ‘লক্ষ লক্ষ লোক বসে পড়বে, এমন কর্মসূচি দিন। অসহযোগের ডাক দিন। প্রতিবাদ-প্রতিরোধের ভাষাকে প্রখর করুন। সব বিরোধী দলকে আমন্ত্রণ জানান।’

 সভাপতির বক্তব্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বলেন, ‘বিবাহের আগে সন্তান হলে সেটা নিয়ে সমাজে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আমাদের প্রধানমন্ত্রী নির্বাচন ছাড়াই ১৫৪ প্রার্থী পাস করিয়েছেন। এটাও বৈধ নয়।’ তিনি এই ‘তামাশার’ নির্বাচন বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৭ জন সাংসদ নির্বাচিত হওয়াকে জনগণের বিজয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, সরকার ১৫৭ আসনে জনগণের সামনে যেতে সাহস পায়নি। এখানে সরকার পরাজয় বরণ করে নিয়েছে। ৫ জানুয়ারির দিনপঞ্জিকায় সরকারের স্বপ্নের নির্বাচন আসবে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, সরকারের ছক আঁকা নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করেছে। গোটা বিশ্ব প্রত্যাখ্যান করেছে।

 জেএসডির সভাপতি আ স ম আবদুর রব তাঁর বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বর্তমান সংকটের জন্মদাতা’ বলে মন্তব্য করেন।