হলফনামার বিধান নেই ইউপি ও উপজেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার নির্বাচন আইনের একটির সঙ্গে অন্যটির বিস্তর অসামঞ্জস্য দেখা দিয়েছে। সিটি করপোরেশন ও পৌর নির্বাচন আইনে প্রার্থীদের হলফনামা দেওয়ার বিধান থাকলেও ইউনিয়ন পরিষদ (ইউপি) ও উপজেলা আইনে তা নেই। নির্বাচন কমিশনের (ইসি) মতে, আইন প্রণয়নের আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের সঙ্গে পরামর্শ না করায় এই সমস্যা তৈরি হয়েছে।২০০৫ সালে উচ্চ আদালতের এক রায়ে নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে হলফনামা আকারে আট ধরনের তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়। এর মধ্যে প্রার্থীর আয়-ব্যয়, ঋণ, শিক্ষাগত যোগ্যতা ও মামলাসংক্রান্ত তথ্য উল্লেখযোগ্য। এরপর অধ্যাদেশের মাধ্যমে গণপ্রতিনিধিত্ব আদেশ (সংসদ নির্বাচন আইন), উপজেলা, সিটি করপোরেশন ও পৌর নির্বাচন আইনে এই বিধান অন্তর্ভুক্ত করা হয়।কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে ২০০৮ সালের উপজেলা অধ্যাদেশটি অনুমোদন না করে ১৯৯৮ সালের উপজেলা আইন সংশোধিত আকারে পুনরায় চালু করে। ওই আইনে প্রার্থীদের হলফনামা জমা দেওয়ার বিধান ছিল না। সরকার এ আইনের অসংগতি দূর করার জন্য সংসদের গত অধিবেশনে যে বিল এনেছে, তাতেও হলফনামা দেওয়ার বিধান রাখা হয়নি। এ আইনে প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণ এবং অপরাধের শাস্তির ক্ষেত্রেও প্রয়োজনীয় সংশোধনী আনা হয়নি। সরকার ইউপির জন্য যে আইন করেছে, তাতেও হলফনামার বিধান নেই।এ বিষয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে জানান, প্রার্থীর সংখ্যা অনেক হওয়ায় কমিশনের প্রস্তাবেই ইউপি আইনে প্রার্থীদের হলফনামা জমা দেওয়ার বিধান রাখা হয়নি। কারণ লাখ লাখ প্রার্থীর হলফনামা সংরক্ষণ করা কমিশনের পক্ষে সম্ভব নয়।উপজেলা আইনের অসংগতি সম্পর্কে সাখাওয়াত হোসেন বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় উপজেলা আইন করার সময় ইসির সঙ্গে পরামর্শ করেনি, যে কারণে এ আইনে বিস্তর অসংগতি দেখা দিয়েছে। ইসি মন্ত্রণালয়কে আইনটি সংশোধন করে দেওয়ার তাগিদ দিয়েছে জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘আইন সংশোধনের পর তাতে যদি হলফনামা জমা দেওয়ার বিধান না থাকে সেটা হবে দুঃখজনক। সে ক্ষেত্রে কমিশন হলফনামার বিধান যুক্ত করার জন্য আবারও সরকারকে অনুরোধ করবে। কারণ, অন্যান্য নির্বাচনে প্রার্থীরা হলফনামা জমা দিচ্ছেন।’এ বিষয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘সবগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইন ও বিধি সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। কিন্তু এখন উপজেলা, পৌরসভা ও ইউপির জন্য যেসব আইন ও বিধি রয়েছে, তার একটির সঙ্গে অন্যটির মিল নেই। সুশাসন ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবগুলো আইন ও বিধিকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।’বদিউল আলম মজুমদার আরও বলেন, ইউপি নির্বাচনে অন্তত চেয়ারম্যান পদপ্রার্থীদের হলফনামা জমা দেওয়ার বিধান রাখার দরকার ছিল। ইলেকট্রনিক নথি ব্যবস্থাপনা চালু করলে কোটি কোটি প্রার্থীর হলফনামা সংরক্ষণ করাও সম্ভব বলে উল্লেখ করেন তিনি।