হলফনামায় গরমিলের পরও মেয়র প্রার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভার ঠিকাদার ও হলফনামায় গরমিলের পরও মেয়র প্রার্থী ফকির মো. মুশফিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তিনি নড়াইলের কালিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ হিসেবে নির্বাচন করছেন। তাঁর মনোনয়নপত্র বাতিলের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বর্তমান মেয়র আওয়ামী লীগের অন্য ‘বিদ্রোহী’ প্রার্থী এমদাদুল হক।
ফকির মো. মুশফিকুর রহমানের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ, নির্বাচনী বিধির চতুর্থ পরিচ্ছেদের ২ (ঙ) ও ৬ ধারা অনুযায়ী সরকারের অর্থে পরিচালিত লাভজনক কাজে নিয়োজিত কোনো ব্যক্তি মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন। ওই ধারা অনুযায়ী তাঁর মনোনয়নপত্র বাতিল হওয়ার কথা থাকলেও তা হয়নি।
এমদাদুল হকের ওই অভিযোগ ও পৌরসভা সূত্রে জানা গেছে, ফকির মো. মুশফিকুর রহমান জেলা এলজিইডি ও কালিয়া পৌরসভার প্রথম শ্রেণির ঠিকাদার। তাঁর মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম মেসার্স রুবা এন্টারপ্রাইজ। সম্প্রতি তাঁর প্রতিষ্ঠান কালিয়া পৌরসভার নতুন ভবন নির্মাণের কাজও করে। ওই কাজের ১০ লাখ টাকা এখনো পৌরসভায় জমা রয়েছে। কালিয়া উপজেলা প্রকৌশল কার্যালয়ের হিসাব সহকারী আলমগীর গাজী বলেন, ফকির মুশফিকুর রহমানের প্রতিষ্ঠান রুবা এন্টারপ্রাইজ ৮৯ লাখ টাকা ব্যয়ে উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নির্মাণকাজ করছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মুশফিকুর তাঁর দাখিল করা মনোনয়নপত্রের সঙ্গে আয়কর হিসাবে নিট সম্পদের পরিমাণ ১ কোটি ৩৯ লাখ ৫৭ হাজার ১৩৬ টাকা দেখিয়েছেন। এর মধ্যে একটি গাড়ি ৩৬ লাখ টাকা ও অলংকারের পরিমাণ ২৫ তোলা; যার দাম ১ লাখ ৫০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। হলফনামায় নগদ টাকা ১০ হাজার, ব্যাংকে জমা ৫০ হাজার টাকা, দুটি মোটরসাইকেল, দুই ভরি স্বর্ণ, যার দাম ৯০ হাজার টাকা, একটি ২১ ইঞ্চি রঙিন টিভি ও একটি রেফ্রিজারেটরের দাম ৩৫ হাজার টাকা, তিনটি আলনার দাম নয় হাজার টাকা ও স্থাবর সম্পদ ৬০ শতাংশ কৃষিজমি ও ৪০ শতাংশ অকৃষি জমি উল্লেখ করা হয়। কিন্তু হলফনামায় ৩৬ লাখ টাকার ওই গাড়ির কথা উল্লেখ করেননি। আওয়ামী লীগের প্রার্থী মো. ওয়াহিদুজ্জামান হিরা বলেন, মুশফিকুর আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী। তিনি দাবি করেন, মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা রহস্যজনকভাবে মেয়র পদের সব প্রার্থীর মনোনয়নপত্র একই সময়ে যাচাই-বাছাই করেননি।
কালিয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, মনোনয়নপত্র বাছাইয়ের পর এমদাদুল হক অপর মেয়র প্রার্থী ফকির মুশফিকুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দাখিল করায় তা আমলে নেওয়া সম্ভব হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ঠিকাদার সরকারের চলমান নির্মাণকাজের সঙ্গে সংযুক্ত থাকলে এবং হলফনামা ও আয়কর হিসেবে গরমিল থাকলে তাঁর মনোনয়নপত্র বাতিলযোগ্য। ব্যস্ততার কারণে ওই বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি।
ফকির মো. মুশফিকুর রহমান সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পৌরসভার ঠিকাদারি লাইসেন্স তিন বছর আগেই হস্তান্তর করেছি। পৌরসভার পাশে নতুন যে বাড়িটি নির্মাণ করছি, শুধু তার হিসাব নির্বাচন অফিসে দাখিল করিনি।’ তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে বিজয় ঠেকাতে একটি মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। পৌরসভার সচিব কামরুজ্জামান বলেন, ফকির মো. মুশফিকুর রহমান এখনো পৌরসভার ঠিকাদার। মুশফিকুর রহমানের জমানতের ১০ লাখ টাকা এখনো পৌরসভার কাছে জমা আছে।