হলফনামায় তথ্য গোপন, দুজনের প্রার্থিতা বাতিল
হলফনামায় তথ্য গোপনের অভিযোগে ফরিদপুরের নগরকান্দা পৌর নির্বাচনে গতকাল বুধবার দুই মেয়র প্রার্থী ও বিএনপির নেতার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল বেলা দেড়টার দিকে জেলা নির্বাচনী আপিল বোর্ডের সভাপতি ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ তাঁদের মনোনয়নপত্র বাতিল করেন। স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয় সূত্র জানায়, ১৮ ডিসেম্বর নগরকান্দা পৌরসভায় মেয়র পদে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এম এ জাহিদ (৬০) ও তাঁর সহোদর শামসুল হুদা (৫৫) ছিলেন। তাঁদের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ ওঠে। অভিযোগটি দেন নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়া ও সম্প্রতি আওয়ামী লীগে যোগ দেওয়া দুই প্রার্থী এ এস এম সিদ্দিকুর রহমান (৫৬) ও আমীরুজ্জামান (৪০)। ২৬ ডিসেম্বর তাঁরা ওই অভিযোগ দেন। অভিযোগে দুই প্রার্থীর সম্পত্তিসংক্রান্ত তথ্যে মিথ্যা বলার এবং এম এ জাহিদ ১৯৮৮ সালে একটি হত্যা মামলায় এজাহার ও চার্জশিটভুক্ত আসামি উল্লেখ করা হয়, যা তাঁরা হলফনামায় উল্লেখ করেননি।গত মঙ্গলবার সকালে উভয় পক্ষের শুনানি শেষে জেলা প্রশাসক এ সম্পর্কিত প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্যে জমা দেওয়ার জন্য নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেন। প্রতিবেদন পাওয়ার পর গতকাল নির্বাচনী আপিল বোর্ড জাহিদ ও হুদার মনোনয়নপত্র বাতিল করে দেয়।এ প্রসঙ্গে জাহিদ ও হুদার কৌঁসুলি লিয়াকত আলী খান বলেন, ‘আমাদের সম্ভাবনাময় বিজয়কে ছিনিয়ে নিয়ে বিনা বাধায় নির্বাচনী বৈতরণী পার হতে অন্যায়ভাবে এই দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আমরা এর প্রতিবাদে ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালে আপিল করব।’