হলফনামায় তিন মেয়র প্রার্থীর তথ্য গোপন
জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া পাঁচজন মেয়র প্রার্থীর মধ্যে তিনজনই হলফনামায় তথ্য গোপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা হলফনামায় ব্যাংক হিসাব নম্বর দেননি। কিন্তু তাঁদের তিনজনেরই ব্যাংক হিসাব আছে।তিন মেয়র পদপ্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক খলিলুর রহমান, উপজেলা বিএনপির একাংশের সদস্য তোজাম্মেল হোসেন এবং উপজেলা যুবদলের সভাপতি জিয়া চৌধুরী। এর মধ্যে খলিলুর রহমান ও জিয়া চৌধুরীর সোনালী ব্যাংক ক্ষেতলাল এবং তোজাম্মেল হোসেনের রাজশাহী উন্নয়ন ব্যাংকের বটতলী শাখায় হিসাব আছে। তাঁরা জানান, ব্যাংকে তেমন টাকা না থাকায় তাঁরা হলফনামায় হিসাব নম্বর দেননি।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনী বিধিমালা ২০০৪ অনুযায়ী হলফনামায় কোনো তথ্য গোপন করলে এবং সে বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রার্থিতা বাতিল হবে। এ ছাড়া ভুল তথ্য দেওয়া বা তথ্য গোপন রাখার অপরাধে নির্বাচিত হওয়ার পরও পদটি বাতিল হতে পারে।ওই কার্যালয় সূত্রে আরও জানা গেছে, নির্বাচনী খরচ চালানোর জন্য প্রত্যেক মেয়র ও কাউন্সিলর প্রার্থীর ব্যাংকে হিসাব থাকতে হবে। প্রত্যেক মেয়র পদপ্রার্থী দুই লাখ ও কাউন্সিলর প্রার্থী ৫০ হাজার টাকা খরচ করতে পারবেন।ক্ষেতলাল পৌরসভা নির্বাচন আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর দুজন হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান মোল্লা ও উপজেলা বিএনপির একাংশের কোষাধ্যক্ষ নবিউল ইসলাম চৌধুরী।হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী আওয়ামী লীগের নেতা খলিলুর রহমান পেশায় চাতাল ব্যবসায়ী, গবাদিপশুর খামারের মালিক ও জোতদার। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কোনো আমানত ও সঞ্চয় নেই তাঁর। বার্ষিক আয় দেখানো হয়েছে সাত লাখ টাকা। নগদ টাকার পরিমাণ মাত্র ১০ হাজার টাকা। খলিলুর রহমান জানান, ‘আমার তেমন কোনো টাকাপয়সা নেই। ভোটারদের হাত-পা ধরে ভোট চেয়ে নির্বাচন করছি।’তোজাম্মেল হোসেনের হলফনামায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানত ও সঞ্চয়ের কথা উল্লেখ করা হয়নি। এতে কৃষি খাত থেকে বার্ষিক আয় দুই লাখ, নগদ টাকার পরিমাণ ৫০ হাজার টাকা এবং কৃষি জমির পরিমাণ নয় একর দেখানো হয়েছে। তোজাম্মেল হোসেন বলেন, ‘আত্মীয়স্বজনের কাছ থেকে ধার নিয়ে নির্বাচনের খরচ চালাব।’জিয়া চৌধুরী তাঁর হলফনামায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কোনো আমানত ও সঞ্চয় নেই বলে উল্লেখ করেছেন। এতে কৃষি খাত থেকে বার্ষিক দেড় লাখ ও ব্যবসা থেকে দুই লাখ টাকা আয় দেখানো হয়েছে। জিয়া চৌধুরী বলেন, ‘আমার কৃষি ও ব্যবসার টাকা থেকে নির্বাচন খরচ জোগাব। ব্যাংকে টাকা না থাকায় হলফনামায় হিসাব নম্বর উল্লেখ করা হয়নি।’ক্ষেতলাল উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, হলফনামায় ভুল তথ্য বা তথ্য গোপন করলে নির্বাচনের পরও আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে।