হলফনামায় দেওয়া সম্পদের অনুসন্ধানে নামছে দুদক
বর্তমান ও সাবেক ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাংসদসহ নয়জনের বিপুল পরিমাণ সম্পদের অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ছয়জন সরকারি দলের সদস্য। তাঁদের সঙ্গে বিএনপি-জামায়াতের তিনজনকে অন্তর্ভুক্ত করেছে দুদক কর্তৃপক্ষ।
মূলত গণমাধ্যমে প্রকাশিত মন্ত্রী-সাংসদদের হলফনামায় দেওয়া বিপুল পরিমাণ সম্পদের বিবরণী প্রকাশ পাওয়ার পর এ নিয়ে সর্বত্র আলোচনা শুরু হলে দুদক এই সিদ্ধান্ত নেয়। দুদক সূত্র বলছে, নির্বাচনে প্রার্থীদের দেওয়া হলফনামা ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া অস্বাভাবিক সম্পদের তথ্য থেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, ঢাকার সাংসদ আসলামুল হক, রাজশাহীর সাংসদ এনামুল হক ও কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে দুদক প্রাথমিক অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের সঙ্গে বিএনপির দুই সাবেক সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ও মশিউর রহমান (ঝিনাইদহ) এবং জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব, হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের সম্পদেরও অনুসন্ধান করবে দুদক।
অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করে দুদক কমিশনার শাহাবউদ্দিন প্রথম আলোকে জানান, গোয়েন্দা সংস্থার তথ্য ও বিভিন্ন সূত্রে পাওয়া অভিযোগ থেকে কয়েকজন মন্ত্রী-সাংসদের অস্বাভাবিক সম্পদের বিষয়ে অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিরোধীদলীয় সাংসদদের অনুসন্ধানের বিষয়ে তিনি বলেন, আগে থেকেই নবম সংসদের সরকারি ও বিরোধী দলের বেশ কয়েকজন সাংসদের নামে দুর্নীতির অভিযোগ ছিল। এর সঙ্গে গণমাধ্যমের প্রতিবেদন যুক্ত করে কয়েকজনের বিষয়ে অনুসন্ধান করা হবে।
দুদক সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায় থেকে কিছু ব্যক্তির অনিয়মের বিষয়ে অনুসন্ধান করতে দুদক কর্তৃপক্ষকে বলা হয়েছে। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও এসব ব্যক্তির বিরুদ্ধে অনিয়মের তথ্য দুদককে দেওয়া হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মনে করেন, জনগণের আস্থা পুনরুদ্ধারে দুদকের জন্য এটি একটি সুযোগ। প্রথম আলোকে তিনি বলেন, নবম সংসদের সময়ে রেলের নিয়োগ-বাণিজ্য, শেয়ারবাজার ধস, পদ্মা সেতু দুর্নীতি, হল-মার্ক কেলেঙ্কারি—কোথাও সরকারদলীয় কারও বিরুদ্ধে দুদক উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে পারেনি। এবার যদি সত্যিকার অর্থে এসব চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে দুদক নিজের কর্মক্ষমতা প্রমাণ করতে সক্ষম হয়, তবে দুদক তাদের প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধার করতে পারবে।
প্রসঙ্গত, রেলের নিয়োগ-বাণিজ্যে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, পদ্মা সেতু ষড়যন্ত্রে তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, হল-মার্ক কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীর তৎকালীন স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীসহ সোনালী ব্যাংকের পরিচালনা পর্যদের সে সময়কার সদস্য ও দলীয় নেতা জান্নাত আরা তালুকদার হেনরী, সাইমুম সরওয়ার কমল, বিসমিল্লাহ গ্রুপ কেলেঙ্কারিতে দুই সাংসদপুত্রের সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা থাকলেও কোনোটাই প্রমাণ করেনি দুদক।
ইফতেখারুজ্জামান এ বিষয়ে আরও বলেন, ক্ষমতাসীন সরকার গত মেয়াদে তাদের ইশতেহারে দুর্নীতি প্রতিরোধের কথা বললেও তা প্রমাণ করতে পারেনি। এবার সরকার গঠনের মাধ্যমে সেসব বিতর্কিত ব্যক্তিকে বাদ দিয়ে সরকার আবারও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান সুস্পষ্ট করার চেষ্টা করছে। বিশেষ করে আস্থাহীনতার নির্বাচনের পরে সরকারের পক্ষ থেকে বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলে সরকারের প্রতিও সাধারণের আস্থা ফিরবে।
হলফনামা অনুযায়ী, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের ২০০৮ সালে প্রায় সাড়ে ১০ লাখ টাকার সম্পদ বেড়ে হয়েছে প্রায় সাড়ে ১১ কোটি টাকা। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের স্ত্রী ইলা হকের সম্পদ গত পাঁচ বছরে ৭৮২ শতাংশ বেড়েছে। স্বাস্থ্যমন্ত্রীর নিজের অস্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে ১১০ শতাংশ।
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান গত পাঁচ বছরে দুই হাজার ৮৪৫ একর জমি কিনেছেন। গত পাঁচ বছরে ব্যাংকে তাঁর জমা টাকা বেড়েছে ৫৮৬ দশমিক ৭৫ গুণ, জমি বেড়েছে ১৪৩ দশমিক ২৫ গুণ ও বার্ষিক আয় বেড়েছে ৭৯ দশমিক ২৩ গুণ। প্রথমবারের মতো সাংসদ হওয়া কক্সবাজারের আবদুর রহমান বদির গত পাঁচ বছরে আয় বেড়েছে ৩৫১ গুণ। যদিও ২০০৮ সালে নির্বাচন করতে তিনি আট লাখ টাকা ধার করেছিলেন।
ক্ষমতার পাঁচ বছরে ঢাকার সাংসদ মো. আসলামুল হকের ঘোষিত সম্পত্তি (জমি) বেড়েছে ৩৪ গুণের বেশি। তাঁর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন স্থানে জমি দখলের অভিযোগ রয়েছে। রাজশাহীর সাংসদ, রিয়েল এস্টেট ব্যবসায়ী এনামুল হকের বিরুদ্ধে সরকারের সঙ্গে ব্যবসা করাসহ বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে।
লক্ষ্মীপুরের বিএনপির নেতা ও সাবেক সাংসদ শহীদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে প্রচুর সম্পদ গড়ার পাশাপাশি জমি দখলের অভিযোগ রয়েছে। ঝিনাইদহ সদরের সাবেক সাংসদ ও বিএনপির নেতা মশিউর রহমানের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
অনুসন্ধান প্রসঙ্গে দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য ও দুদকের সংগৃহীত তথ্যের মধ্যে গরমিল পাওয়া গেলে অভিযুক্ত ব্যক্তিদের সম্পদের হিসাব চাওয়া হবে। এ পর্যায়ে কারও বিরুদ্ধে অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে। অভিযোগ প্রমাণিত না হলে নথিভুক্ত করে অভিযুক্ত ব্যক্তিদের রেহাই দেওয়া হবে।
ইফতেখারুজ্জামানের পরামর্শ, দুদক তাদের অনুসন্ধান প্রক্রিয়ার সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড ও নির্বাচন কমিশনকে যুক্ত করলে ভালো ফল পাবে।