সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের মতো ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হকও দাবি করেছেন, তাঁর হলফনামায় ভুল তথ্য এসেছে। হলফনামা জমা দেওয়ার তিন মাস পর তিনি এ দাবি করলেন।
আজ বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে সরকারদলীয় এ সাংসদ সাংবাদিকদের কাছে এ দাবি করেন। তিনি বলেন, ‘হলফনামায় ভুল এসেছে। আমার আয়কর উপদেষ্টা এ ভুল করেছেন। জমির পরিমাণে তিনি ভুল তথ্য দিয়েছেন। আয়কর উপদেষ্টা অযুতাংশের জায়গায় শতাংশ লিখে ফেলেছেন।’
সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সাংসদ আসলামুল হককে হলফনামা ও অবৈধ সম্পদ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক শেখ মেজবাহুর রহমান।
গণমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করে এই সাংসদ বলেন, গণমাধ্যম সঠিক তথ্য প্রকাশ করছে না। তারা রাজনীতিবিদদের চরিত্র হননের চেষ্টা করছে।
দুদক সূত্র জানা গেছে, গত পাঁচ বছরে আসলামুল হকের ঘোষিত সম্পত্তি (জমি) বেড়েছে ৩৪ গুণের বেশি। ২০০৮ সালের হলফনামা অনুযায়ী তিনি ও তাঁর স্ত্রী মাকসুদা হক ৪ একর ১৯ দশমিক ৫ শতাংশ জমির মালিক ছিলেন, যার দাম প্রায় ২০ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।
দশম সংসদ নির্বাচনের হলফনামায় ক্ষমতাসীন দলের এই সাংসদ বলেছেন, স্বামী-স্ত্রী মিলে তাঁরা ১৪৫ দশমিক ৬৭ একর (১৪ হাজার ৫৬৭ দশমিক ৫৪ শতাংশ) জমির মালিক, যার দাম প্রায় ১ কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।