হলফনামায় ভুল হয়েছে, দোষ উপদেষ্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুদক কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাংসদ আসলামুল হক
দুদক কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাংসদ আসলামুল হক

সংসদ নির্বাচনের হলফনামায় ভুল হয়েছে দাবি করে সরকারদলীয় সাংসদ আসলামুল হক সব দায় চাপিয়েছেন তাঁর আয়কর উপদেষ্টার ঘাড়ে। আর দুদক প্রশ্ন করেছে, এত দিন কেন এই ভুল সংশোধন করা হয়নি।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক সাংবাদিকদের বলেন, ‘হলফনামায় ভুল এসেছে। আমার আয়কর উপদেষ্টা এ ভুল করেছেন। জমির পরিমাণে তিনি ভুল তথ্য দিয়েছেন। অযুতাংশের জায়গায় শতাংশ লিখে ফেলেছেন।’
এদিকে দুদকের কমিশনার শাহাবউদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা অনুযায়ী যাঁদের তলব করা হয়েছে, তাঁদের অনেকের সম্পদের হিসাবে ‘গরমিল’ পাওয়া গেছে।
সাংসদ আসলামুল হককে গতকাল সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত হলফনামা ও অবৈধ সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক শেখ মেজবাহুর রহমান।
গণমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করে সাংসদ আসলাম বলেন, ‘গণমাধ্যম সঠিক তথ্য প্রকাশ করছে না। তারা সব সময় রাজনীতিবিদদের চরিত্র হননের চেষ্টা করছে।’
অনুসন্ধান-সংশ্লিষ্ট সূত্র প্রথম আলোকে বলেন, আসলামুল হকের দুই নির্বাচনী হলফনামায় বিস্তর ফাঁক রয়েছে। তাঁর স্ত্রীর নামে এবারের হলফনামায় এক কোটি ৪৩ লাখ টাকার বাড়ি বা অ্যাপার্টমেন্টের কথা বলা হলেও এর সংখ্যা বা অবস্থানের কথা উল্লেখ করেননি সাংসদ।
হলফনামায় কথিত ভুলের দাবি প্রসঙ্গে সূত্র বলেন, ‘সাবেক স্বাস্থ্যমন্ত্রী তো তাঁর ভুল প্রথম দিনেই ঠিক করেছেন, আসলাম কেন ঠিক করেননি? জমির পরিমাণ শতাংশ থেকে অযুতাংশে পরিণত হলে তিনি মায়শা গ্রুপের নামে ২৪ একর ৯৬ শতাংশ জমি কীভাবে বিক্রি করেন?’
সূত্র জানান, অযুতাংশের হিসাব ধরে যদি হলফনামার জমির মূল্য এক কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা ধরা হয়, তাহলে মায়শা গ্রুপের জমির বিক্রয়মূল্য কত, সে প্রশ্নও করা হয়েছে সাংসদ আসলামকে। উল্লেখ্য, আসলামুল হক মায়শা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সূত্র জানায়, ২০০৮ সালের হলফনামায় আসলামের পেশা ব্যবসা। তখন তাঁর নামে ৩ দশমিক ৫ বিঘা কৃষিজমি এবং স্ত্রীর নামে আট কাঠা কৃষি ও ৫২ কাঠা অকৃষি জমি ছিল। দাম দেখানো হয় ২০ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা। আমিনবাজারে সাংসদের সাড়ে তিন বিঘা জমি আছে। যার দাম তিন লাখ ৭৫ হাজার টাকা। সে হলফনামা অনুযায়ী ব্যবসা থেকে তাঁর দুই লাখ ৮৩ হাজার ৫০০ টাকা এবং স্ত্রীর দুই লাখ ১৫ হাজার ৭০০ টাকা বার্ষিক আয় ছিল। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাংসদের নামে ৬৫ হাজার ৭০০ টাকা এবং স্ত্রীর নামে ২০ হাজার ৫০০ টাকা জমা ছিল। সাংসদের নামে ১১ লাখ ৪০ হাজার টাকা এবং স্ত্রীর নামে ৫৪ লাখ টাকা মূল্যের শেয়ার ছিল। এ ছাড়া তাঁর নিজের ৬২ ভরি ও স্ত্রীর নামে ৫৮ ভরি সোনা আছে।
পাঁচ বছর পরের হলফনামায় সাংসদ আসলাম জানিয়েছেন, ব্যবসা থেকে বছরে তাঁর নয় লাখ ৫২ হাজার ৩০০ টাকা এবং স্ত্রীর ছয় লাখ ১৫ হাজার ৭০০ টাকা আয় হয়। সাংসদের হাতে নগদ দুই কোটি ১৩ লাখ ১৯ হাজার ৩৯ ও স্ত্রীর কাছে ৫৭ লাখ ৮২ হাজার টাকা রয়েছে। সাংসদের নামে ৮২ লাখ ৮৭ হাজার ৫০০ টাকার শেয়ার ও স্ত্রীর নামে ১১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার রয়েছে। পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের স্থায়ী আমানতে সাংসদের বিনিয়োগ ১২ লাখ ৬১ হাজার ৫০০ টাকা এবং স্ত্রীর নামে ৫৪ লাখ ৭৩ হাজার ৪২৯ টাকা। সাংসদ স্ত্রীর নামে এক কোটি ৪৩ লাখ টাকার বাড়ি বা অ্যাপার্টমেন্ট থাকার কথা উল্লেখ করেছেন। স্বামী-স্ত্রী দুজনের নামে মোট ১৪৫ দশমিক ৬৭ একর কৃষিজমি রয়েছে। এর দাম এক কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।
গতকাল বিকেলে দুদকের কমিশনার শাহাবউদ্দিন সাংবাদিকদের বলেন, দুদক শুধু তলব করা ব্যক্তিদের হলফনামা বা আয়কর বিবরণীই পর্যালোচনা করছে না; তাঁদের আরও কোনো সম্পত্তি আছে কি না, তাও খতিয়ে দেখছে। কমিশনার আরও বলেন, দুদক যাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে, তাঁদের অধিকাংশই নির্দিষ্ট দিনে হাজির হয়েছেন। জিজ্ঞাসাবাদে অনেকের সম্পদের হিসাবেই অসংগতি পাওয়া গেছে। তবে অনুসন্ধানের স্বার্থে এ মুহূর্তে তা প্রকাশ করতে চান না তিনি।
জানা আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ইতিমধ্যে কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান ওরফে বদি, সাতক্ষীরা-৩ আসনের সাংসদ এবং সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক, পটুয়াখালী-৪ আসনের সাংসদ ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, সাতক্ষীরা-২ আসনের সাবেক সাংসদ এম এ জব্বার এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।