হলফনামায় যুবলীগ সভাপতির মামলার তথ্য গোপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন হলফনামায় নিজের মামলার তথ্য গোপন করেছেন। সীতাকুণ্ড উপজেলা নির্বাচনে তিনি আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপকূলীয় বন ধ্বংস করে শিপ ব্রেকিং ইয়ার্ড গড়ার অভিযোগে একটি মামলা এখনো বিচারাধীন।

হলফনামায় দেখা যায়, অতীত ও বর্তমানে মামলার কোনো তথ্য মামুন উল্লেখ করেননি। নিষ্পত্তিকৃত মামলা এবং বিচারাধীন মামলা দুটির ঘরে তিনি ‘প্রযোজ্য নয়’ লিখে হলফনামা জমা দিয়েছেন।

বন বিভাগ ও আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সীতাকুণ্ডের তখনকার সাংসদ এ বি এম আবুল কাশেমের ছেলে এস এম আল মামুন এবং সহযোগীরা মধ্যম সোনাইছড়ি উপকূলের হাজার হাজার গাছ কেটে ফেলে। এ ঘটনায় তখন থানার পুলিশ মামলা নেয়নি। পরে বন বিভাগ আদালতে মামুনসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করে। মামুন ২ নম্বর আসামি।

জানতে চাইলে উপকূলীয় বন বিভাগের পক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট ফরিদুল আলম প্রথম আলোক বলেন, মামুনসহ অন্য আসামিদের বিরুদ্ধে মামলাটি এখনো বিচারাধীন। বিচারাধীন মামলা হিসেবে এটি যদি হলফনামায় তিনি না দেখান, তাহলে তাঁর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা যাবে।

তিনি আরও বলেন, মধ্যম সোনাইছড়িতে গাছ কাটার একটি রিট মামলায় ইতিমধ্যে দুটি শিপইয়ার্ড উচ্ছেদ করে ফের বনায়নের আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। ওই আদেশ এ মামলাগুলোতে উদাহরণ হিসেবে কাজ করবে।

জানা গেছে, আদালত থেকে মামুনের বিরুদ্ধে মামলাটির তদন্তভার দেওয়া হয় সীতাকুণ্ড থানা পুলিশের কাছে। পুলিশ মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। তাতে লেখা ছিল ‘গাছ কাটা গেছে সত্য। তবে বন বিভাগ পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি।’ চূড়ান্ত প্রতিবেদনের পর নারাজি দেওয়া হয়। শুনানিতে নারাজি খারিজ করে দেন।

এর পর বন বিভাগ থেকে জেলা জজ আদালতে ওই আদেশের বিরুদ্ধে ফৌজদারি রিভিশন মামলা করেন। পরে মামলাটি আমলে নিয়ে বিবাদীদের নোটিশ দেওয়া হয় এবং মামলাটি বিচারের জন্য অতিরিক্ত জেলা জজ আদালত-৬-এ পাঠানো হয়।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে এস এম আল মামুন বলেন, ‘আমার বিরুদ্ধে মামলা আছে সেটা আমি জানি না। হয়তো কোনো গ্রুপ মামলা থাকতে পারে। অনেকের ভেতর আমার নামটি ঢুকিয়ে দিয়েছে। আমি জানি না, তাই উল্লেখ করিনি।’

প্রসঙ্গত, তৃতীয় দফা উপজেলা নির্বাচনের অংশ হিসেবে সীতাকুণ্ডে ১৫ মার্চ ভোট গ্রহণ হবে। প্রার্থিতা বাছাই প্রক্রিয়া গত ২৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মো. ফরহাদ আহমেদ বলেন, হলফনামায় তথ্য গোপন করা অপরাধ। বাছাইয়ের পর যদি তথ্য গোপনের বিষয়টি ধরা পড়ে, সে ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী যেকোনো প্রার্থী গোপনকারীর বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পারেন। যদি বাছাইয়ের আগে ধরা পড়ত, তাহলে প্রার্থিতা বাতিল হয়ে যেত।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের পরও আপিলের সুযোগ থাকে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন বিশেষ করে উপজেলা নির্বাচন আইনে এ সুযোগ নেই। এ ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী নির্বাচনের আগে রিট করতে পারেন। অথবা নির্বাচনের পর ট্রাইব্যুনালে যেতে পারেন বলে কমিশন সূত্রে জানা গেছে। নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘বাছাইয়ের পর এ ব্যাপারে কী করণীয় রয়েছে, তা আমার জানা নেই। তবে সম্ভবত আইনগত ব্যবস্থা যে কেউ নিতে পারবে।’