হলফনামায় সই নেই, তবু মনোনয়ন বৈধ
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. রাজন মিয়া মনোনয়নপত্রের সঙ্গে যে হলফনামা দিয়েছেন, তাতে তাঁর সই নেই। তবে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর গত রোববার নান্দাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে মো. রাজন মিয়ার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, মনোনয়নপত্রের সঙ্গে রাজন মিয়া যে হলফনামা জমা দিয়েছেন, তাতে তিনি স্বাক্ষর করেননি। এমনকি শিক্ষাগত যোগ্যতার কলামও পূরণ করেননি তিনি।
নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই যাঁরা করেছেন, বিষয়টি তাঁরাই ভালো বলতে পারবেন।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহনুর আলম বলেন, ‘নির্বাচন কার্যালয় থেকে হলফনামায় প্রার্থীর স্বাক্ষর না থাকার বিষয়ে আমাকে জানানো হয়নি।’
গতকাল পর্যন্ত ইসির ওয়েবসাইটে নান্দাইলের পাঁচজন বৈধ মেয়র প্রার্থী; ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী ও নয়জন সংরক্ষিত কাউন্সিলর পদের প্রার্থীদের তথ্য পাওয়া গেছে। রাজন মিয়া বাদে সব হলফনামায় প্রার্থীর স্বাক্ষর রয়েছে।