হলমার্ক আরও চার একর জমি ও নদী দখল করেছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচিত হলমার্ক গ্রুপের বিরুদ্ধে এবার ঢাকার সাভার উপজেলায় নগরচর মৌজায় আরও প্রায় চার একর অর্পিত সম্পত্তি ও ধলেশ্বরী নদী দখল করার অভিযোগ পাওয়া গেছে। ওই অর্পিত সম্পত্তি স্থানীয় আওয়ামী লীগের এক নেতাসহ চারজন ইজারা পেলেও হলমার্কের কারণে জমিটি তাঁরা ভোগদখল করতে পারছেন না।সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের কান্দিবৈলারপুর ও নন্দখালী মৌজায় হলমার্ক গ্রুপের দখল করা ১০ একর খাস ও অর্পিত সম্পত্তি উদ্ধারে কোনো ব্যবস্থা নেয়নি উপজেলা প্রশাসন। বরং সরকারি হালট বা রাস্তার ওপর তল্লাশিচৌকি বসিয়ে পথচারীদের চলাচল বন্ধ করে দিয়েছে হলমার্ক।সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির হোসেন সরদার প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশ না পাওয়ায় হলমার্কের দখলে থাকা জমি উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না।’অর্পিত সম্পত্তি দখল: সাভার ইউএনও কার্যালয় সূত্র জানায়, কান্দিবৈলারপুর ও নন্দখালী মৌজার পাশে নগরচর মৌজায় ধলেশ্বরী নদীর তীরে ৩ দশমিক ৮১ একর অর্পিত সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তি বিগত চারদলীয় জোট সরকারের আমলে কাউসার জাহান নামের এক ব্যবসায়ীকে ইজারা দেয় উপজেলা প্রশাসন। বছর তিনেক আগে কাউসার জাহান অবৈধভাবে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ওই সম্পত্তি হলমার্ক গ্রুপের কাছে হস্তান্তর করেন। হলমার্ক গ্রুপ বৈধভাবে ওই জমির ইজারা না নিয়েই সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ করে। ওই জমির ইজারাসংক্রান্ত দুর্নীতির অভিযোগের তথ্য জানতে ইউএনও কবিরকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করে দুবার চিঠি দেওয়া হয়। সর্বশেষ ৩০ সেপ্টেম্বর তাঁকে দুদকে হাজির হতে বলা হয়েছিল। ইউএনও চিঠি পাননি বলে দাবি করেছেন।স্থানীয় তেঁতুলঝড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নাজিম উদ্দিন বলেন, ‘গত মে মাসে ইউএনও কবির হোসেন সরদার আমাকেসহ চারজনকে ওই জমি ইজারা দিয়েছেন। কিন্তু হলমার্ক গ্রুপ জমিটি অবৈধভাবে দখলে রাখায় আমরা জমিটির দখল বুঝে নিতে পারিনি।’ধলেশ্বরী নদী দখল: নগরচর মৌজায় ওই অর্পিত সম্পত্তির পাশেই রয়েছে একটি পরিত্যক্ত কারখানা। কারখানাটি হেমায়েতপুর-ফুলবাড়িয়া সড়ক থেকে ধলেশ্বরী নদী পর্যন্ত বিস্তৃত। পরিত্যক্ত কারখানাটির তিনটি ফটকে হলমার্ক সুইং, লুনা এন্টারপ্রাইজ ও হলিনেস এক্সেসরিজ নামের ছোট তিনটি সাইনবোর্ড টাঙানো রয়েছে। এর মধ্যে হলমার্ক সুইং কারখানাটির প্রায় অর্ধেক অংশ নদীর ভেতরে। ৩ দশমিক ৮১ একর অর্পিত সম্পত্তি আওয়ামী লীগের নেতাসহ চারজনকে ইজারা দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন ইউএনও কবির হোসেন। তবে হলমার্কের অবৈধ দখলের ব্যাপারে কোনো মন্তব্য করেননি। উদ্ধার হয়নি ১০ একর জমি: সাভার ইউএনও কার্যালয় সূত্র জানায়, কান্দিবৈলারপুর মৌজায় ৬, ৪২, ২৭৪, ২৮৪, ৩০৩, ৩২৪, ৩৩৪, ৩৪৪, ৩৪৬, ৩৫০ ও ৫৩২ নম্বর দাগে প্রায় ৫ দশমিক ৮০ একর খাস ও দশমিক ৫৮ একর অর্পিত সম্পত্তি এবং নন্দখালী মৌজায় ১৭৬, ১৬৯, ২১২, ২৩৬, ২৬৮ ও ২৯৬ নম্বর দাগে ৩ দশমিক ১৮ একর খাস ও দশমিক ৩৬ একর অর্পিত সম্পত্তি অবৈধভাবে দখল করে রেখেছে হলমার্ক গ্রুপ। এই বিপুল পরিমাণ জমির কিছু অংশে সরকারি রাস্তা ও বাকি অংশে হলমার্কের বিভিন্ন স্থাপনা রয়েছে। সরকারি পর্যায়ে এ নিয়ে অনেক প্রতিবেদন চালাচালি হলেও জমি উদ্ধারে কোনো পদক্ষেপ দেখা যায়নি। সরকারি রাস্তায় চলাচলে বাধা: জনসাধারণের চলাচলের জন্য তেঁতুলঝড়া স্কুল অ্যান্ড কলেজের পাশে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক থেকে ধলেশ্বরী নদী পর্যন্ত প্রায় ৪০ ফুট প্রশস্ত সরকারি হালট বা রাস্তা রয়েছে। হলমার্কের দখলে থাকা ১০ একর খাস ও অর্পিত সম্পত্তির মধ্যে এই হালটে রয়েছে চার একর। প্রতিষ্ঠানটি এই হালটের উভয় পাশে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে। গত রোববার গিয়ে দেখা যায়, হলমার্ক গ্রুপের নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যরা সড়ক থেকে ৬০ গজ দূরে সরকারি রাস্তায় তল্লাশিচৌকি বসিয়ে জনসাধারণকে ওই রাস্তা ব্যবহারে বাধা দিচ্ছেন। প্রথম আলোর এই প্রতিবেদক পরিচয় দিয়ে বক্তব্য নেওয়ার জন্য কারখানায় যেতে চাইলেও নিরাপত্তাকর্মীরা যেতে দেননি।ইউএনও কবির হোসেন সরদার বলেন, ‘সরকারি রাস্তা ব্যবহার করতে না দেওয়ার কোনো অভিযোগ পাইনি।’