অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী
হলমার্ক কেলেঙ্কারি ধামাচাপা না দিয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হলমার্কের আর্থিক কেলেঙ্কারির মতো ঘটনা সরকার ধামাচাপা না দিয়ে ব্যবস্থা নিচ্ছে। গতকাল বুধবার নবম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের শেষ কার্যদিবসে সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, সোনালী ব্যাংকের সাবেক এমডি (ব্যবস্থাপনা পরিচালক) জিয়া পরিষদের নেতা ছিলেন। আর যাঁকে নিয়ে এত কথা, তাঁর উত্থান হাওয়া ভবন থেকে। অতীত ইতিহাস দেখলে বোঝা যায়, কার গোড়া কোথায়। তত্ত্বাবধায়কের সময়ে যখন সব ব্যবসায়ী পালিয়েছিলেন, তখন তিনি ফুলে-ফেঁপে ওঠেন। তিনি বলেন, ‘আমরা তো ধামাচাপা দিচ্ছি না, ব্যবস্থা নিচ্ছি। ওদের ধরলেই তো হবে না। টাকাও তো উদ্ধার করতে হবে। এই অর্থ কেলেঙ্কারির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করার প্রস্তুতি নিচ্ছে। আমরা কাউকে ছেড়ে দিচ্ছি না।’‘বাংলাদেশ ছয় ঋতুর দেশ। ঋতু বদলায়, মানুষের মনও বদলায়’—এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সামরিক স্বৈরশাসকেরা ব্যাংক লুট করা শিখিয়েছে। তারা খেলাপি ঋণের কালচার শুরু করেছে। মানি লন্ডারিং করেছে বিরোধীদলীয় নেতার ছেলেরা। এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা কালোটাকা সাদা করেছেন। জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা মেরে খেয়েছেন। প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, ‘আদালতে যান না কেন? কোর্টে হাজিরার দিন অসুস্থ হয়ে যান। তারপর আবার সুস্থ হয়ে আমাদের গালিগালাজ করেন।’ তিনি বলেন, ‘রাষ্ট্র থেকে তাঁর দুই ছেলেকে টাকা দেওয়া হয়েছে পড়াশোনার জন্য। তাঁরা কী নিয়ে এলেন দেশের জন্য? মানি লন্ডারিং ডিগ্রি? এর কী জবাব দেবেন বিরোধীদলীয় নেতা?’সমাপনী বক্তৃতায় সংসদের কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিরোধীদলীয় নেতা নাই। তা-ও তাঁকে ধন্যবাদ জানাই। আশা করি, ৯০ দিন হওয়ার আগে আবার আসবেন।’অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার আবদুল হামিদ অধিবেশনে যোগদান না করলেও বিভিন্ন বিধিতে নোটিশ দিয়ে এবং স্থায়ী কমিটির বৈঠকে অংশগ্রহণের মাধ্যমে সংসদীয় কাজে অবদান রাখায় বিরোধী দলের নেতা ও সদস্যদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘আমি আশা করব, খুব শিগগিরই তাঁরা সংসদ অধিবেশনেও যোগদান করবেন এবং জনগণকে দেওয়া তাঁদের প্রতিশ্রুতি রক্ষা করবেন।’স্পিকার জানান, এ অধিবেশনে ২২টি সরকারি বিলের মধ্যে ১৩টি পাস হয়। এ ছাড়া একটি বেসরকারি বিল উত্থাপিত হয়। প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য সর্বমোট ৮৪টি প্রশ্ন পাওয়া যায়, তার মধ্যে তিনি সম্পূরকসহ ৪৩টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য প্রাপ্ত মোট এক হাজার ৯০১টি প্রশ্নের মধ্যে মন্ত্রীরা ৭০৩টির জবাব দেন।সবশেষে স্পিকার অধিবেশনের সমাপ্তি-সম্পর্কিত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান।