হলমার্ক কেলেঙ্কারিতে জড়িত ব্যাংক পরিচালকদের বাঁচাতে টালবাহানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্কের অর্থ কেলেঙ্কারির সঙ্গে সোনালী ব্যাংকের শুধু একটি শাখা জড়িত নয়, পুরো পরিচালনা পর্ষদ জড়িত। কিন্তু পরিচালকেরা দলীয় লোক হওয়ায় তাঁদের বাঁচাতে সরকার নানা টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।গতকাল সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে খন্দকার মোশাররফ এ অভিযোগ করেন। তিনি দাবি করেন, এ ঘটনায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত ছিল। কিন্তু তাদের বাঁচাতে শুধু হলমার্ককে দায়ী করা হচ্ছে। এর আগে দলীয় লোক ও আত্মীয়দের বাঁচানোর জন্য শেয়ার কেলেঙ্কারির ঘটনায়ও সরকার কোনো ব্যবস্থা নেয়নি বলে বিএনপির এই নেতা অভিযোগ করেন।রেলওয়ের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি দাবি জানিয়েছেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, সুরঞ্জিতের এপিএসের গাড়িচালকই সত্যি কথা বলেছেন। মানুষ বিশ্বাস করে, রেলওয়ের ১০ কোটি টাকার দুর্নীতির সঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত জড়িত।যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেনসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার ও মামলা দেওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি এই সমাবেশের আয়োজন করে। সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ।দুদক চেয়ারম্যানের পদত্যাগ দাবি: গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এক প্রতিবাদ সভায় দুদকের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।ফোরামের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আইনজীবী রফিকুল ইসলাম মিয়া বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের দুর্নীতির বিষয়ে চালক আজম খানের সাক্ষাৎকার টেলিভিশনে প্রচার করা হয়েছে। চালকের বক্তব্য সত্য নাকি মিথ্যা, তা খতিয়ে না দেখে দুদকের চেয়ারম্যান ভিন্ন বক্তব্য দিচ্ছেন। তাই তিনি ওই পদে থাকতে পারেন না। অবিলম্বে তাঁকে পদত্যাগ করতে হবে। সভায় আরও বক্তৃতা করেন আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, জাতীয়তাবাদী ফোরামের মহাসচিব মাহবুব উদ্দিন, এম বদরুদ্দোজা, রুহুল কুদ্দুস কাজল, রাগীব রউফ চৌধুরী, মোহাম্মদ আলী প্রমুখ।