হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় আজ মামলা করবে দুদক
হলমার্কের অর্থ জালিয়াতির ঘটনায় প্রাথমিক অনুসন্ধানে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অন্য সদস্যদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে পরবর্তী তদন্তে এ বিষয়ে আরও বিশদভাবে খতিয়ে দেখা হবে বলে জানান সংস্থার চেয়ারম্যান গোলাম রহমান।দুদকের চেয়ারম্যান গতকাল বুধবার সাংবাদিকদের জানান, হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় আজ বৃহস্পতিবার ১১টি মামলা করা হবে। তবে সোনালী ব্যাংকের পর্ষদের কারও নাম মামলায় থাকছে না। মামলার পরে সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১০ জন পরিচালক এবং হলমার্ক গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), জিএম ও গ্রুপটির বেশ কয়েকজন কর্মকর্তার সম্পদের হিসাব চাইবে দুদক।গত মঙ্গলবার জমা দেওয়া প্রতিবেদনের কথা উল্লেখ করে দুদকের চেয়ারম্যান বলেন, রূপসী বাংলা শাখা থেকে ‘নন ফান্ডেড’ এক হাজার ৫৬৮ কোটি টাকা আত্মসাতের বিষয় উঠে এসেছে প্রতিবেদনে। সেই আলোকে মামলাগুলোর অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ২৬টি ব্যাংকের ৬১টি শাখার সংশ্লিষ্ট ব্যক্তিদেরও বক্তব্য নেওয়া হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে জালিয়াতির মাধ্যমে টাকা নেওয়া অপর চারটি প্রতিষ্ঠানসহ অনুসন্ধানে বের হয়ে আসা অন্য ব্যক্তিদের বিরুদ্ধেও মামলা করা হবে।