হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ
সোনালী ব্যাংকের লুটপাট হয়ে যাওয়া অর্থ দ্রুত পুনরুদ্ধার এবং হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা।গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল সাহার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাসদের নারায়ণগঞ্জ জেলা শাখার সমন্বয়ক নিখিল দাস। সমাবেশে বক্তারা বলেন, হলমার্কসহ কয়েকটি ব্যবসায়ী গ্রুপ সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে প্রতারণার মাধ্যমে সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে। এটি বড় ধরনের অর্থ কেলেঙ্কারির ঘটনা। এ প্রতারণার বিরুদ্ধে যেখানে দ্রুত সরকারি ব্যবস্থা নেওয়ার কথা ছিল, সেটা না করে অর্থমন্ত্রী বলেছেন, চার হাজার কোটি টাকা বড় অঙ্কের অর্থ নয়। তাঁর এ বক্তব্যে লুটপাটকারীরা আরও উৎসাহিত হয়েছে। বর্তমান সরকার একইভাবে শেয়ার কেলেঙ্কারি, ডেসটিনি ও পদ্মা সেতুর দুর্নীতিবাজদের পাশে দাঁড়িয়েছে। বক্তারা আরও বলেন, অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িত সবার শাস্তি হওয়া প্রয়োজন, না হলে শুধু ব্যাংক নয়, অর্থনীতির অন্যান্য শাখাতেও এর ক্ষতিকর প্রভাব পড়বে। বক্তারা অবিলম্বে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।