হলমার্ক গ্রুপকে ৪০ লাখ টাকা জরিমানা
আবাসিক এলাকায় ভূমি ভরাট করে বেআইনিভাবে শিল্পপার্ক প্রতিষ্ঠা করায় ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নন্দখালী এলাকায় ‘হলমার্ক’ নামের একটি শিল্প গ্রুপকে পরিবেশ অধিদপ্তর ৪০ লাখ টাকা জরিমানা করেছে। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী গতকাল বৃহস্পতিবার হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. তানভীর মাহমুদকে অধিদপ্তরে ডেকে নিয়ে জরিমানা করেন। দণ্ডাদেশের দুই ঘণ্টার মধ্যে পে-অর্ডারের মাধ্যমে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। এ সময় প্রকল্পের সব বেআইনি কাজ বন্ধেরও নির্দেশ দেন তিনি। সূত্র জানায়, গতকালই প্রকল্পের মাটি ভরাটের কাজ বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। এরপর প্রকল্পের কর্মকর্তারা কাজ বন্ধ রাখার অঙ্গীকার করেন। প্রসঙ্গত, নন্দখালী এলাকায় জনতা হাউজিং নামের একটি আবাসিক প্রকল্পে হলমার্ক গ্রুপ শিল্পকারখানা গড়ে তোলে। এ লক্ষ্যে প্রথমে এখানে একটি পোশাক প্রস্তুতকারী কারখানা ও একটি গরুর খামার প্রতিষ্ঠা করে হলমার্ক কর্তৃপক্ষ। পরে আবাসিক এলাকার সিংহ ভাগ জমি জোর-জবরদস্তি করে কিনে নেয়। জনতা হাউজিংয়ের প্লট মালিকদের পক্ষ থেকে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। এর পরিপ্রেক্ষিতে গতকাল প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী, শিল্পপার্ক লাল শ্রেণীভুক্ত প্রতিষ্ঠান। এ ধরনের প্রকল্পের জন্য পরিবেশ আইনে প্রথমে অবস্থানগত ছাড়পত্র এবং পরে পরিবেশ ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক। কিন্তু হলমার্ক কর্তৃপক্ষ এই আইনের তোয়াক্কা না করে প্রায় ১০০ একর জমি প্রকল্পের আওতায় এনে তা ভরাট শুরু করে। সূত্র জানায়, আগামী রোববারের মধ্যে প্রকল্প এলাকা থেকে সব খননযন্ত্র, পাইপলাইন ও সরঞ্জাম অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। জানতে চাইলে মোহামঞ্চদ মুনীর চৌধুরী জানান, পুরো বিষয়টি গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিবেশ বিধ্বংসী কোনো শিল্প প্রকল্প কাউকে করতে দেওয়া হবে না।