হলমার্কের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের চার হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে গ্রেপ্তার এবং ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। গতকাল রোববার পৃথক বিবৃতিতে দল দুটি এই দাবি জানায়।জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক এক বিবৃতিতে বলেন, হলমার্ক গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে বাইরে রেখে সুষ্ঠু তদন্ত সম্ভব নয়। তাঁরা কেলেঙ্কারি উদ্ঘাটনের জন্য কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের দাবি জানান।ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি বলেন, হলমার্কের মাধ্যমে সোনালী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা দায়িত্ব এড়াতে পারেন না। হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দুর্নীতি সর্বগ্রাসী রূপ পেয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও দলের প্রভাবশালী ব্যক্তিরা টাকা লুটপাটের সঙ্গে জড়িত। এ অবস্থায় নৈতিক কারণে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ করা উচিত।