হলমার্কের বিরুদ্ধে করা ১১ মামলার বিবরণ
প্রতারণা, জালিয়াতিসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে এক হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে হলমার্ক গ্রুপের বিরুদ্ধে। এসব অভিযোগে ১১টি মামলা করেছে দুদক। রমনা থানায় করা মামলাগুলোর নম্বর ৮ থেকে ১৮।৮ নম্বর মামলার এজাহার: সোনালী ব্যাংকের রূপসী বাংলা (শেরাটন) শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা মেরী হলমার্কের কর্মচারী জাহাঙ্গীর আলমকে মালিক সাজিয়ে ভুয়া প্রতিষ্ঠান আনোয়ারা স্পিনিং মিলসের নামে বিধিবহির্ভূতভাবে হিসাব খোলার অনুমোদন দেন। পরে এজিএম সাইফুল হাসান ও হলমার্কের জিএম তুষার আহমেদের যোগসাজশে ওই চলতি হিসাবে (৪৪২৫-৩৩০১৯৫৭৫) মিথ্যা বিটিবিএলসি নম্বর ব্যবহার করে ‘অ্যাকসেপট্যান্স লেটার ও ভাউচার ইস্যু’র মাধ্যমে হলমার্ক ফ্যাশনের (হিসাব নম্বর ৪৪২৫-৩৩০১৭১৯৯) কাছ থেকে ৪৭৪ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা মূল্যের সুতা রপ্তানি করা হয় বলে ভুয়া নথি দেখানো হয়। শাখার তৎকালীন ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমান, এজিএম মো. সাইফুল হাসান, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মতিন, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামানের প্রত্যক্ষ সহযোগিতায় অবৈধ উপায়ে ও যৌথভাবে মোট ১৩১টি আইবিপি ট্রান্সফার ভাউচারের মাধ্যমে ওই অর্থ আনোয়ারা স্পিনিং মিলসের চলতি হিসাবে জমা করে। পরে তা থেকে ২৬৪ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ৬০০ টাকা হলমার্ক ফ্যাশনের চলতি হিসাবে জমা করা হয়। সে টাকা হলমার্কের পক্ষে তানভীর মাহমুদ ও তাঁর স্ত্রী জেসমিন ইসলাম তুলে নেন।৯ নম্বর মামলা: হলমার্কের কর্মচারী মীর জাকারিয়াকে মালিক সাজিয়ে ভুয়া সুতা উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান ম্যাক্স স্পিনিং মিলসের নামে ব্যাংক কর্মকর্তা মেহেরুন্নেসা, সাইফুল হাসান ও হলমার্কের তুষার আহমেদের যোগসাজশে চলতি হিসাব খোলা হয়। কোনো মাস্টার এলসি ছাড়া ভুয়া রপ্তানি তথ্য দিয়ে মোট ৫২৫ কোটি ৬২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা মূল্যের সুতা রপ্তানি করা হয় বলে নথিতে দেখানো হয়। পরে তা থেকে স্থানান্তরের মাধ্যমে ২১৯ কোটি ৬০ লাখ ৬২ হাজার ২০০ টাকা হলমার্ক ফ্যাশনের হিসাবে জমা করা হয়, যা তানভীর ও তাঁর স্ত্রী হলমার্ক ফ্যাশনের হিসাব থেকে তুলে নেন। ১০ নম্বর মামলা: হলমার্কের কর্মচারী জাহাঙ্গীর আলমকে মালিক সাজিয়ে মেহেরুন্নেসা মেরীর অনুমোদনে আনোয়ারা স্পিনিং মিলসের নামে এবং গত বছরের ১০ অক্টোবর হলমার্কের তুষার আহমেদের শনাক্তকরণে শাখার ম্যানেজারের অনুমোদন নিয়ে হলমার্কের আরেক কর্মচারী জিয়াউর রহমানকে মালিক সাজিয়ে আরেকটি ভুয়া প্রতিষ্ঠান সেঞ্চুরী ইন্টারন্যাশনালের নামে ব্যাংক হিসাব খোলা হয়। এরপর ১৩১টি আইবিপির ট্রান্সফার ভাউচারের মাধ্যমে আনোয়ারা স্পিনিং মিলসের কাছে ৪৭৪ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা মূল্যের সুতা রপ্তানি দেখানো হয়। ওই অর্থ থেকে মোট ২০৮ কোটি আট লাখ ৭৬ হাজার ২০০ টাকা স্থানান্তর করা হয় হলমার্ক গ্রুপের অন্য প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে, যা পরে তানভীর ও তাঁর স্ত্রী তুলে নেন।১১ নম্বর মামলা: হলমার্ক ফ্যাশন লিমিটেডকে ব্যাংক থেকে প্রিশিপমেন্ট ক্রেডিট বাবদ ১৭টি এলসির বিপরীতে ২১৪ কোটি ৩৯ লাখ ৪১ হাজার টাকা দেওয়া হয়। এর মধ্যে ১৫টি এলসির বিপরীতে মোট ১৮২ কোটি ১৬ লাখ ৯৩ হাজার কোটি টাকা হলমার্ককে দেওয়া হয়। কিন্তু অনুসন্ধানে ওইসব এলসির অস্তিত্ব মেলেনি। এক্সপোর্ট এলসি ১৯ লাখ ৭৫ হাজার ৫৯৩ মার্কিন ডলারের বিপরীতে ২৮ কোটি ৭০ লাখ টাকা পিএসসি বাবদ দেওয়া হয়। ওই রপ্তানি মূল্যের বিপরীতে পিএসসি বাবদ এক কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকা বিতরণযোগ্য ছিল। বিতরণ করা অতিরিক্ত ২৭ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকা কখনোই সমন্বয় করা হয়নি।আরেকটি এক্সপোর্ট এলসি পাঁচ হাজার ৫৫৫ দশমিক ২০ ইউরোর বিপরীতে পাঁচ কোটি টাকা পিএসসি বাবদ হলমার্ক ফ্যাশনকে দেওয়া হয়। বিতরণযোগ্য ছিল মাত্র ৭১ হাজার টাকা। হলমার্ককে দেওয়া অতিরিক্ত চার কোটি ৯৯ লাখ ২৯ হাজার টাকা সমন্বয় করা হয়নি। ১২ নম্বর মামলা: সুতা রপ্তানি দেখিয়ে ভুয়া ম্যাক্স স্পিনিং মিলসের হিসাবে মোট ৫২৫ কোটি ৬২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা দেওয়া হয়। তা থেকে হলমার্কের আরেক ভুয়া প্রতিষ্ঠান সেঞ্চুরী ইন্টারন্যাশনালের হিসাবে ২৭৯ কোটি দুই লাখ ৩০ হাজার ৬০০ টাকা স্থানান্তর করা হয়, যেটা পরে তানভীর ও জেসমিন তুলে নেন। ১৩ নম্বর মামলা: আনোয়ারা স্পিনিং মিলসের হিসাবে আইবিপি ট্রান্সফার ভাউচারের মাধ্যমে ৪৭৪ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৪০০ জমা করা হয়। পরে তা থেকে হলমার্ক ডিজাইনের হিসাবে এক কোটি ৭২ লাখ টাকা স্থানান্তর করা হয়, যা পরে তানভীর ও জেসমিন তুলে নেন। ১৪ নম্বর মামলা: হলমার্ক ফ্যাশনকে ১৫টি এফবিপি বাবদ ১৫ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ১৪৯ টাকা, হলমার্ক ডিজাইন ওয়্যারকে ১০টি এফবিপি বাবদ পাঁচ কোটি ৩৪ লাখ ৩৫ হাজার ২০০ টাকা ও ওয়ালমার্ট ফ্যাশনকে ৭২টি এফবিপি বাবদ ১৫৫ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৩৭২ টাকাসহ মোট ১৭৬ কোটি ৭৭ লাখ ৩০ হাজার ৭২১ টাকা বিতরণ করা হয়। এর মধ্যে আদায় হয়েছে মাত্র তিন কোটি ৫৭ লাখ সাত হাজার ৮২৮ টাকা। অবশিষ্ট অর্থের বিলের বিপরীতে কোনো মাস্টার এলসি পাওয়া যায়নি। ১৫ নম্বর মামলা: হলমার্ক ফ্যাশন ও ম্যাক্স স্পিনিং মিলসের মধ্যে কোনো আমদানি-রপ্তানি না হওয়া সত্ত্বেও প্রতারণা করে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে আইবিপির মাধ্যমে ম্যাক্সের হিসাবে ৫২৫ কোটি ৬২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা জমা করে। পরে তা থেকে হলমার্ক ডিজাইনের হিসাবে ১০ কোটি ৫০ লাখ টাকা স্থানান্তর করে, যা পরে হলমার্কের এমডি তুলে নেন। ১৬ নম্বর মামলা: হলমার্কের মোট ১১টি প্রতিষ্ঠানকে পেমেন্ট এগেইন্স্ট ডকুমেন্ট (পিএডি) হিসাব ডেবিট করে মোট ১৩৫ কোটি ৪৪ লাখ নয় হাজার ৪৮৪ টাকা দেওয়া হয়। কিন্তু এর মূল্য আমদানিকারক প্রতিষ্ঠান থেকে ওই অর্থ পরিশোধ করেনি। ব্যাংকিং নীতিমালা অনুযায়ী, আমদানিকারকের পক্ষ থেকে উপযুক্ত নথিপত্র জমা না দিলে আমদানি করা মালামাল ব্যাংকের হেফাজতে থাকবে। কিন্তু হলমার্ক গ্রুপ ও ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে মূল্য পরিশোধ না করে ও নথিপত্র না দেখিয়েই পিএডি বাবদ ওই অর্থ আত্মসাৎ করেন অভিযুক্তরা।১৭ নম্বর মামলা: হলমার্ক ডিজাইন ওয়্যার, হলমার্ক ফ্যাশন, ওয়ালমার্ট ফ্যাশন, ববি ফ্যাশন ওয়্যার, পারফেক্ট এমব্রয়ডারি, জিসান নিট কম্পোজিটসহ ছয় প্রতিষ্ঠানের নামে ৪৫ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের মালামাল আমদানি করা হয়। কিন্তু আমদানিকারক প্রতিষ্ঠান এর মূল্য পরিশোধ না করলেও ব্যাংকের ওই শাখা থেকে মূল্য পরিশোধ করা হয়। হলমার্ক ও ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তাদের যোগসাজশে ওই অর্থ আত্মসাৎ করা হয়। ১৮ নম্বর মামলার এজাহার: ভুয়া ম্যাক্স স্পিনিং মিলসের হিসাবে সুতা রপ্তানির নামে ৫২৫ কোটি ৬২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা মূল্যের সুতা রপ্তানি করা হয় বলে নথিপত্রে দেখানো হয়। ওই হিসাবে পুরো অর্থ জমা করা হলে তা থেকে ১৬ কোটি ৫০ লাখ টাকা হলমার্কের আরেক ভুয়া প্রতিষ্ঠান অ্যাপারেল এন্টারপ্রাইজের হিসাবে স্থানান্তর করা হয়, যা পরে তানভীর ও তাঁর স্ত্রী তুলে নেন।