হলমার্কের বিরুদ্ধে মামলা করবে সোনালী ব্যাংক
অবৈধভাবে উত্তোলিত প্রায় তিন হাজার ৬০০ কোটি টাকা উদ্ধারে অবশেষে হলমার্কসহ ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে সোনালী ব্যাংক। অর্থঋণ আদালতে মামলা করার সিদ্ধান্তের বিষয়টি ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার নিশ্চিত করেছেন। খবর বাসসের।সোনালী ব্যাংকের ওই কর্মকর্তা বলেন, আত্মসাৎ করা টাকা আদায়ে স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করেই যথাযথ ব্যবস্থা নেবে ব্যাংক। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে কবে নাগাদ মামলা হচ্ছে, তা তিনি স্পষ্ট করেননি।সোনালী ব্যাংকের একটি সূত্র জানায়, হলমার্কসহ অন্যান্য প্রতিষ্ঠানের অবৈধভাবে উত্তোলিত ও আত্মসাৎ করা টাকা স্বাভাবিক ঋণ নিয়মাচারের বাইরে রয়েছে। তাই এই টাকা গত সেপ্টেম্বর মাসের ভিত্তিতে খেলাপি ঋণ হিসেবে শ্রেণীকরণ করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ব্যাংক।এদিকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেছেন, এ বিষয়ে সোনালী ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকও সেই আলোকে কাজ করছে।