হলমার্কের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
সোনালী ব্যাংক থেকে ঋণ নেওয়া টাকা উদ্ধার করতে হলমার্ক গ্রুপের যাবতীয় প্রতিষ্ঠান ও সহায়-সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং প্রতিষ্ঠানটির প্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির সভায় রাজনৈতিক প্রস্তাবে এ দাবি জানানো হয়।প্রস্তাবে হলমার্কের জালিয়াতির ঘটনার সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের চিহ্নিত করতে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনেরও আহ্বান জানানো হয়। দুদকের তদন্ত তৎপরতা ‘আইওয়াশ’ উল্লেখ করে সভায় বলা হয়, এ পর্যন্ত কোনো ঘটনায় দুদকের কার্যকর ভূমিকা দেখা যায়নি। প্রস্তাবে সরকারি ছত্রচ্ছায়ায় জনগণের সম্পদ হরিলুটের বিরুদ্ধে প্রতিরোধ-সংগ্রাম জোরদার করার আহ্বান জানানো হয়।পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুস সালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন আহমেদ, বহ্নিশিখা জামালী, শিবলুল বারী, এম আক্তারুজ্জামান প্রমুখ।