হলহলিয়া রেলসেতুর গার্ডারের উচ্চতা বাড়ল

দুর্ঘটনা কমাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হলহলিয়া রেলসেতুর গার্ডারের উচ্চতা বাড়ানো হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে রেলসেতুটির গার্ডারের উচ্চতা বাড়ানোর কাজ শুরু করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯২০ সালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হলহলিয়া এলাকায় তুলসীগঙ্গা নদীর ওপর রেলসেতুটি নির্মাণ করা হয়। ১০০ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থ এই সেতুর গার্ডারের উচ্চতা ১৫ ফুট। এই রেলসেতুতে গার্ডারের উচ্চতা কম হওয়ায় ট্রেনের ছাদে ভ্রমণকারী ব্যক্তিরা দুর্ঘটনার শিকার হচ্ছিলেন।
গত ২০ বছরে রেলসেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রায় ৪০ জন প্রাণ হারিয়েছেন। ঈদের সময় ট্রেনের ছাদে লোকজন বেশি আসা-যাওয়া করে। তখন দুর্ঘটনার প্রবণতা বাড়ে। দুই বছর ধরে ঈদের সময় রেলওয়ে কর্তৃপক্ষ হলহলিয়া রেলসেতুতে ট্রেন পারাপারের সময় সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।
হলহলিয়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ খলিলুর রহমান (৮০) বলেন, সেতুটির গার্ডারের উচ্চতা কম থাকায় ট্রেনের ছাদে ভ্রমণকারী বহু লোক এখানে মারা গেছেন। পাঁচ-ছয় বছর আগে ঈদুল আজহার দুই দিন আগে গার্ডারে ধাক্কা লেগে পড়ে চারজন মারা গিয়েছিলেন।
গতকাল শনিবার হলহলিয়া রেলসেতুতে গিয়ে দেখা যায়, সেতুটির গার্ডারের উচ্চতা বাড়ানো হয়েছে। শ্রমিকেরা গার্ডারের বর্ধিত অংশের রঙের কাজ করছেন। শ্রমিকেরা বলেন, আগামী দু-এক দিনের মধ্যে পুরোনো গার্ডার কেটে দেওয়ার কাজ শুরু করা হবে। সাইদুর রহমান নামের একজন মিস্ত্রি বলেন, হলহলিয়া রেলসেতুর গার্ডারের উচ্চতা ছয় ফুট সাত ইঞ্চি বাড়ানো হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলীর তত্ত্বাবধানে সেতুর কাজটি হচ্ছে।
আক্কেলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার খাদিজা খাতুন বলেন, হলহলিয়া রেলসেতুর গার্ডারের উচ্চতা কম থাকায় সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটত। রেলসেতুটির গার্ডারের উচ্চতা বাড়ানোর ফলে এখন আর দুর্ঘটনা ঘটবে না বলে তাঁর আশা।
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ বলেন, রেলসেতুটির গার্ডারের উচ্চতা বাড়ানোর জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছিল।