হলি আর্টিজান মালিকদের কাছে হস্তান্তর
জঙ্গি হামলার সাড়ে চার মাস পর গতকাল রোববার বিকেলে পুলিশ গুলশানের হলি আর্টিজান বেকারি মালিকদের কাছে হস্তান্তর করেছে। আদালতের নির্দেশনার পর গতকাল মালিকদের কাছে ভবনটি বুঝিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
গত ১ জুলাই জঙ্গি হামলার পর গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কে কিচেন রেস্তোরাঁ ও হলি আর্টিজান বেকারি পুলিশের পাহারায় ছিল। সেখানে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। গতকাল দুপুর পর্যন্ত হলি আর্টিজান ভবন পুলিশের জিম্মায় ছিল। বিকেলে ভবনটি মালিকপক্ষের জিম্মায় দেওয়ার পর সেখান থেকে পুলিশি পাহারা সরিয়ে নেওয়া হয়।
গুলশান হামলায় করা মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের উপকমিশনার মো. মহিবুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, মালিকপক্ষ হলি আর্টিজান বেকারি ভবন বুঝে নিতে আদালতে আবেদন করে। আদালত মতামত জানতে চাইলে পুলিশ অনাপত্তি দেয়।
হলি আর্টিজানের অন্যতম মালিক সাদাত মেহেদী গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিকেল পাঁচটার দিকে পুলিশ ভবনটি আমাদের কাছে হস্তান্তর করে। কিন্তু হলি আর্টিজান বেকারি এখানে চালু করা হবে না। এখানে আবাসিক ভবন করা হবে।’
গত ১ জুলাই রাতে হলি আর্টিজানে জঙ্গিরা হামলা চালায়। তারা দেশি-বিদেশি ২০ জন অতিথিকে নৃশংসভাবে হত্যা করে।