হলি আর্টিজান মালিকপক্ষের জিম্মায়

জঙ্গি হামলার প্রায় সাড়ে চার মাস পর আজ রোববার বিকেলে গুলশানের হলি আর্টিজান বেকারি মালিকপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আদালতের নির্দেশনার পর পুলিশ মালিকপক্ষকে ভবনটি বুঝিয়ে দেয়। মালিকপক্ষ জানিয়েছে, এখানে এখন আবাসিক ভবন করা হবে।
পুলিশ সূত্র জানায়, ১ জুলাই জঙ্গি হামলার পর গুলশান ২-এর ৭৯ নম্বর সড়কে ও’কিচেন রেস্তোরাঁ ও হলি আর্টিজান বেকারি পুলিশের কড়া পাহারায় ছিল। এত দিন হলি আর্টিজানে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। সেখান থেকে সব আলামত ইতিমধ্যে পুলিশ জব্দ করেছে। রোববার দুপুর পর্যন্ত হলি আর্টিজান ভবন পুলিশ ঘিরে রেখেছিল। বিকেলে ভবনটি মালিকপক্ষের জিম্মায় দেওয়ার পর সেখান থেকে পুলিশি পাহারা সরিয়ে নেওয়া হয়।
গুলশান হামলায় করা মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম (সিটি) বিভাগের উপকমিশনার মো. মহিবুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, মালিকপক্ষ হলি আর্টিজান বেকারি ভবন বুঝে নিতে আদালতে আবেদন করেন। আদালত পুলিশের মতামত জানতে চাইলে পুলিশও আপত্তি করেনি। এরপর পুলিশ হলি আর্টিজান বেকারি ভবন মালিকপক্ষকে বুঝিয়ে দেয়।
সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেন, তদন্তের প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পরিদর্শনের জন্য পুলিশের অনুমতি সাপেক্ষে বিদেশি নাগরিকেরা সেখানে প্রবেশ করতে পারবেন।
হলি আর্টিজানের অন্যতম মালিক সাদাত মেহেদী প্রথম আলোকে বলেন, ‘বিকেল পাঁচটার দিকে পুলিশ হলি আর্টিজান আমাদের কাছে হস্তান্তর করেছে। কিন্তু হলি আর্টিজান বেকারি এখানে চালু করা হবে না। এখানে আবাসিক ভবন করা হবে।’
গত ১ জুলাই রাতে হলি আর্টিজানে জঙ্গিরা হামলা চালায়। তারা অস্ত্রের মুখে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। ওই রাতে অভিযান চালাতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পরদিন সকালে সেনা কমান্ডোদের অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন। পরে পুলিশ ১৮ বিদেশিসহ ২০ জনের মরদেহ উদ্ধার করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন রেস্তোরাঁকর্মী।