হলি আর্টিজানে হামলা করেছিল আইএস: গুণারত্নে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহান গুণারত্নে
রোহান গুণারত্নে

ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চের (আইসিপিভিটিআর) পরিচালক রোহান গুণারত্নে বলেছেন, হলি আর্টিজানে হামলা প্রতিরোধে কমান্ডোদের জন্য অপেক্ষা করা ভুল ছিল। তিনি আরও বলেন, হলি আর্টিজানে হামলা চালিয়েছিল আইএস, দেশীয় জঙ্গিরা নয়।

সিঙ্গাপুরভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইসিপিভিটিআরের পরিচালক রোহান গুণারত্নে ১৪ দেশের পুলিশপ্রধানদের নিয়ে আয়োজিত সম্মেলনে অংশ নিতে ঢাকায় এসেছেন। আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে ওই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রোহান গুণারত্নে তাঁর উপস্থাপনায় জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। পাশাপাশি তিনি বলেন, ‘হলি আর্টিজানে হামলাকারীরা হোম গ্রোন, এটা সত্যি নয়। হামলা চালিয়েছিল আইএস।’

গত বছরের ১ জুলাই হামলার সময়ে হামলাকারীরা যেসব মাধ্যমে যোগাযোগ করে, সেগুলোর প্রতি আইসিপিভিটিআর নজর রেখেছিল বলে জানান তিনি।

গুণারত্নে বলেন, সাধারণ অপরাধীরা পুলিশ দেখে বাঁচতে পালায়। কিন্তু জঙ্গিরা মরতে চায়। তারা হলি আর্টিজান দখল করে কোনো ধরনের দর-কষাকষিতে যায়নি। কাজেই বিশেষ কোনো বাহিনীর জন্য পুলিশের অপেক্ষা করার দরকার ছিল না।

জঙ্গিবাদ দমনে বাংলাদেশে পুনর্বাসনের পর্যাপ্ত ব্যবস্থা করা দরকার বলে উল্লেখ করেন রোহান। তা ছাড়া পুলিশ, সেনাবাহিনী, সব কটি গোয়েন্দা সংস্থার একসঙ্গে কাজ করা দরকার বলেও জানান রোহান গুণারত্নে।

গত ১ জুলাই ঢাকার সবচেয়ে সুরক্ষিত বলে পরিচিত গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলা হয়। এ ঘটনায় পলিশ, বিদেশি নাগরিক, জঙ্গি, রেস্তোরাঁর পাচকসহ ২৮ জন নিহত হন।