হলি ফ্যামিলি দুদকের কাছে সময় চেয়েছে
নির্ধারিত সময়ে হাসপাতালের আর্থিক হিসাব ও নিরীক্ষা প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে জমা দেয়নি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ। বরং নথিপত্র জমা দিতে বাড়তি এক মাস সময় চেয়ে ২০ জানুয়ারি দুদককে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সেবিকাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করার জন্য আর্থিক হিসাব ও নথি চেয়ে ৯ জানুয়ারি হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেন অনুসন্ধানকারী কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক জাফর আহমেদ।
পাশাপাশি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কর্মরত চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রভিডেন্ট ফান্ডে জমা দিতে কী পরিমাণ অর্থ কেটে রাখা হয়েছে, তার বিস্তারিত বিবরণও চেয়েছিল দুদক। এসব নথি ১৬ জানুয়ারি জমা দেওয়ার কথা থাকলেও হাসপাতাল তা দেয়নি।
জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক শামীম আহাম্মদের সই করা এক চিঠির পরিপ্রেক্ষিতে দুদক এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।