বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা পরিচালক মো. শওকত আলীকে আটকে রেখেছেন। আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে তাঁরা আন্দোলন করছেন। আন্দোলনের কারণে সীমাহীন দুর্ভোগে পড়েন রোগীরা। সন্ধ্যায় শেখ খবর পাওয়া পর্যন্ত পরিচালক অবরুদ্ধ অবস্থায় আছেন।
আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে নতুন বেতন স্কেল কার্যকর করার দাবিতে অনেক দিন ধরেই তাঁরা তাগাদা দিয়ে আসছিলেন। কর্তৃপক্ষ ৮ জুনের মধ্যে বেতন স্কেল কার্যকর করবে, এমন কথা জানিয়েছিল। কিন্তু আজ বুধবার সকালে হাসপাতালে এসে তাঁরা জানতে পারেন, এ মাসের শেষ নাগাদ বেতন স্কেল দেওয়া হবে, তা-ও পুরো নয়, ৩০ শতাংশ। এ খবর ছড়িয়ে পড়ার পরই কর্মকর্তা-কর্মচারীরা পরিচালককে ঘেরাও করেন। তাঁরা বাইরে থেকে পরিচালকের কক্ষের বিদ্যুৎ-সংযোগ কেটে দেন।
আজ বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায় পরিচালকের কক্ষের সামনে শতাধিক কর্মকর্তা-কর্মচারী অবস্থান নিয়েছেন। তাঁরা হ্যান্ড মাইকে ‘শেখ হাসিনার পে-স্কেল, দিতে হবে দিতে হবে’, ‘এক দফা এক দাবি, পে-স্কেল পে-স্কেল’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
আন্দোলনের কারণে আজ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের বহির্বিভাগে রোগীরা চিকিৎসা পাননি। অন্তর্বিভাগে রোগীদের অনেকেই মাইকের শব্দ ও হইচই থেকে বাঁচতে কক্ষের দরজা-জানালা আটকে রাখেন। মিরপুর থেকে ৯০ বছরের বৃদ্ধা মা নাসিমা খাতুনকে নিয়ে এসেছিলেন চুন্নু খান। তিনি দুপুরে প্রথম আলোকে বলেন, ‘হইচইয়ের জন্য কষ্ট হচ্ছে। আমার মায়ের হার্টের অবস্থা খারাপ। ভাবছিলাম কিছুদিন এখানে রাখব। অ্যাম্বুলেন্স খবর দিয়েছি। চলে যাব।’
এ বিষয়ে জানতে অবরুদ্ধ পরিচালক মো. শওকত আলীর সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, রেড ক্রিসেন্টে বেতন স্কেল কার্যকর হয়েছে। কিন্তু হাসপাতাল ও মেডিকেল কলেজে কার্যকর হয়নি। খাতা-পত্র নিয়ে বসে দেখা গেছে হাসপাতালের যে আয়, বেতন স্কেল বাস্তবায়ন করতে তার অতিরিক্ত ৭৪ লাখ ৭৫ হাজার টাকা লাগবে। এ নিয়ে কর্তৃপক্ষ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। কোথা থেকে যেন কর্মকর্তা-কর্মচারীরা জানতে পেরেছেন যে বেতন স্কেল পুরো কার্যকর হবে না।
৪৯৩ শয্যার এই হাসপাতালে গড়ে প্রতিদিন বহির্বিভাগে ৩০০ রোগী চিকিৎসা নিতে আসে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।