হলিক্রসের প্রশ্নপত্রে নারীর পোশাক নিয়ে কটাক্ষের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়ের একটি অভ্যন্তরীণ পরীক্ষায় নারীদের পোশাক ও শালীনতা নিয়ে কটাক্ষ করে প্রশ্নপত্র করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং নারীপক্ষ।
গতকাল বৃহস্পতিবার আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামালের সই করা বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম সূত্রে জানা যায়, ২৫ মে হলিক্রস বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষার ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্নপত্রে নারীর পোশাক-পরিচ্ছদ সম্পর্কে ব্যবহৃত উদাহরণে ইঙ্গিত করা হচ্ছে, যৌন হয়রানির জন্য নারীর পোশাকই দায়ী। হলিক্রসের মতো এমন একটি প্রতিষ্ঠিত ও পুরাতন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের প্রশ্নপত্র তৈরি ও ব্যবহার অপ্রত্যাশিত।
তবে হলিক্রস বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রানী ক্যাথরিন গোমেজ ইতিমধ্যে এ বিষয়ে দুঃখ প্রকাশ করায় সেটিকে সাধুবাদ জানিয়েছে আসক।
নারীপক্ষের আন্দোলন সম্পাদক ফিরদৌস আজীমের সই করা প্রতিবাদ বিবৃতিতে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এ ধরনের ঘটনা পরিহারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি জানানো হয়।