হলিছড়া বাগানের চা-শ্রমিকেরা নিরক্ষরতামুক্ত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হলিছড়া চা-বাগানের শ্রমিকেরা এখন নিরক্ষরতামুক্ত। ‘পল্লী উন্নয়ন ফাউন্ডেশন’ নামের একটি বেসরকারি সংস্থার উদ্যোগে তাঁদের নিরক্ষরতামুক্ত করা হয়েছে।
সংস্থার কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ‘নিরক্ষরমুক্ত শিক্ষা কর্মসূচির’ আওতায় গত ১ মার্চ থেকে হলিছড়া চা-বাগানের শ্রমিকদের নিরক্ষরতামুক্ত করার কার্যক্রম শুরু হয়। গত ৩১ আগস্ট ওই কার্যক্রম সম্পন্ন হয়। বাগানের মোট লোকসংখ্যা এক হাজার ৬১ জন। এর মধ্যে শিশু বাদে ৭৭৮ জন বিভিন্ন বয়সের নারী-পুরুষকে নিরক্ষরতামুক্ত করা হয়। ‘লিংক-৩’ নামের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান শিক্ষা উপকরণ দিয়ে এ কাজে সহযোগিতা করে। উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ উল ইসলাম গতকাল শনিবার মুঠোফোনে বলেন, ‘আমরা সরেজমিন পরিদর্শন করে সংস্থাটির কার্যক্রম প্রত্যক্ষ করেছি। শ্রমিকদের দিয়ে তাঁদের নাম লিখিয়েছি। যোগ, বিয়োগ, গুণ, ভাগ তাঁরা করতে পারেন। বাগানটি শতভাগ নিরক্ষরতামুক্ত বলা যায়।’