হলুদ চাষে দিনবদল
হলুদের চাষ বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী গ্রামের মানুষের ভাগ্য বদলে দিয়েছে। শিবগঞ্জ শহর থেকে তিন কিলোমিটার উত্তরে করতোয়া নদীর ধারঘেঁষা গ্রামটির বেশির ভাগ কৃষক আগে ঠিকমতো দুই বেলা খেতে পারতেন না। গত কয়েক বছরে তাঁরা হলুদ চাষের টাকায় বাড়তি জমি কিনেছেন, তুলেছেন পাকা বাড়ি। এ গ্রামে অন্য ফসল টুকটাক হলেও হলুদ চাষই তাঁদের এখন প্রধান পেশা।উথলী গ্রামের কৃষকদের সাফল্যে আশপাশের আরও ছয়টি গ্রামের কৃষকেরা হলুদের আবাদ শুরু করে তাঁদের অভাব দূর করেছেন।সরেজমিনে দেখা গেছে, প্রায় প্রতিটি বাড়িতেই এখন জমি থেকে হলুদ তুলে নিয়ে আসার পর, তা সেদ্ধ করা হচ্ছে। এরপর পাশের খোলা জায়গায় শুকানো হচ্ছে। সোহেল রানা (৩৫) নামের এক তরুণ হলুদ শুকানোর কাজ করছিলেন। তিনি জানান, এ বছর তাঁর ৪০ শতাংশ জমিতে হলুদের আবাদ করেছিলেন। সার, বীজ, কীটনাশক মিলে তাঁর খরচ হয় ২৫ হাজার টাকা। এ জমি থেকে তিনি হলুদের ফলন পেয়েছেন ৭০ মণ। প্রতি মণ কাঁচা হলুদ বিক্রি করেছেন দুই হাজার ২০০ টাকা দরে। হলুদের পাশাপাশি একই জমিতে তিনি সাথি ফসল হিসেবে মরিচ আবাদ করে ৬২ হাজার টাকায় বিক্রি করছেন। তিনি ৪০ শতাংশ জমিতে হলুদ চাষ করে লাভ করেন এক লাখ ২৯ হাজার ৬২ টাকা।আকন্দপাড়া গ্রামের মোহম্মদ শাহ আলম (৪০) জানান, হলুদ আবাদ তাঁর ভাগ্য খুলে দিয়েছে। মাত্র পাঁচ বিঘা জমি তাঁর। এ জমি চাষ করেই তিনি ছয় বছরে পাকা বাড়ি গড়েছেন, কিনেছেন মোটরসাইকেল আর হলুদের আবাদের পাশাপাশি অন্য আরেকটি ব্যবসাও শুরু করেছেন। গ্রামের সুশান্ত সাহা (৬০) জানান, আগে দুই বেলা দুমুঠো ভাত জুটত না তাঁর পরিবারে। খড়ের ঘরে থাকতেন। আর চার ছেলে ও দুই মেয়ের সংসারে এখন তাঁর কোনো অভাব নেই।উপজেলা কৃষি অফিস ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু উথলী গ্রাম এবং এই গ্রামকে কেন্দ্র করে আশপাশের আরও ছয়টি গ্রামের মাঠে হলুদের চাষ হয়। এবার ৩০০ হেক্টর জমিতে হলুদের চাষ হয়েছে। হলুদের আবাদ বেশ সময়সাপেক্ষ। ফলন উঠতে এক বছর লেগে যায়। প্রতি মণ শুকনো হলুদ বর্তমানে আট হাজার ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তিন মণ কাঁচা হলুদ সেদ্ধ করে শুকানোর পর পাওয়া যায় এক মণ।পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের আলুচাষি রফিকুল ইসলাম (৪০) জানান, মাত্র আধা কিলোমিটার দূরে উথলী গ্রাম, সেখানে কৃষকেরা হলুদ আবাদ করে বছরে বিঘাপ্রতি এক লাখ টাকার ওপরে আয় করছেন।উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, উথলী এলাকার মাটি হলুদ চাষের জন্য খুব উপযোগী। আর এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে স্বাভাবিকের চেয়ে দেড় গুণ বেশি।