হলুদ প্যানেলের সংখ্যাগরিষ্ঠতা সাদা প্যানেলের পুঁজি অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভিন্ন অথরিটিতে শিক্ষক প্রতিনিধির নির্বাচন ও শিক্ষক সমিতির নির্বাচন। সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এ নির্বাচন হবে।
বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকেরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় নিরঙ্কুশ জয়ের আশা করছে হলুদ প্যানেল। আর হলুদ প্যানেলের শিক্ষকদের ‘অসন্তোষ’কে কাজে লাগিয়ে কয়েকটি পদে জয়ের আশা করছে বিএনপি-জামায়াতপন্থী সাদা প্যানেল।
নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকেরা ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ দল)’ এবং বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকেরা ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা দল)’ ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, মোট ১ হাজার ৬৬ জন ভোটারের মধ্যে প্রায় ৬০০ আওয়ামীপন্থী হলুদ প্যানেলের। বিএনপি-জামায়াতপন্থী সাদা প্যানেলের রয়েছেন ৪০০ জন। তাই দলীয় শিক্ষকেরা নিজ নিজ প্যানেলের প্রার্থীকে ভোট দিলে সব পদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন সরকার সমর্থক শিক্ষকেরা। তবে আওয়ামীপন্থী শিক্ষকদের ভেতরে কয়েকটি পদের প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তোষ রয়েছে। এই অসন্তোষ কাজে লাগিয়ে সেই পদগুলোতে জয়ের আশা করছে সাদা প্যানেল।
ডিন, সিন্ডিকেট, শিক্ষা পরিষদ এবং উন্নয়ন ও পরিকল্পনা কমিটিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. এন্তাজুল হক। তিনি জানান, ২১টি পদের বিপরীতে মোট প্রার্থী হয়েছেন ৪৪ জন। নয় অনুষদের ডিন, পাঁচজন সিন্ডিকেট সদস্য, শিক্ষা পরিষদের ছয়টি পদ এবং পরিকল্পনা ও উন্নয়ন কমিটিতে একজন শিক্ষক প্রতিনিধি নির্বাচন করা হবে।
শিক্ষক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ওমর ফারুক সরকার জানান, সমিতির ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। আওয়ামীপন্থী শিক্ষকদের হলুদ প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন যথাক্রমে অধ্যাপক মো. শহীদুল্লাহ ও অধ্যাপক শাহ আজম শান্তনু। আর বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন যথাক্রমে অধ্যাপক মতিয়ার রহমান ও অধ্যাপক আবু রেজা।
কয়েকজন অধ্যাপকের সঙ্গে কথা বলে জানা গেছে, চারুকলা অনুষদের ডিন পদে হলুদ প্যানেলের প্রার্থী হয়েছেন অধ্যাপক গোলাম ফারুক আর সাদা প্যানেলে অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তবে আওয়ামীপন্থী প্যানেলের প্রার্থীর বিপরীতে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে অধ্যাপক সিদ্ধার্থ শংকর তালুকদার নির্বাচন করায় এ পদের নির্বাচন জমে উঠেছে। অপর দিকে সিন্ডিকেট সদস্যের প্রভাষক ক্যাটাগরি পদে প্রার্থী দিতে পারেনি সাদা প্যানেল। এই প্যানেলে প্রভাষক পর্যায়ে কোনো সদস্য না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এই পদে হলুদ প্যানেলের প্রার্থী মাসুম আ. কাইউমের সহজেই জয়লাভের সুযোগ থাকলেও তা ‘কঠিন’ করে তুলেছেন এই প্যানেলের ‘বিদ্রোহী’ প্রার্থী হুমায়ুন কবির।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ অধ্যাপক বলেন, বেতন স্কেল নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষক সমিতির নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। হলুদ প্যানেল থেকে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শক্ত ও যোগ্য প্রার্থী দেওয়া হলেও অন্য পদগুলোর বেশির ভাগ প্রার্থীই দুর্বল। ফলে কয়েকটি পদ দিয়ে হলুদ প্যানেলের একটা শঙ্কা থেকেই যায়।
হলুদ প্যানেলের আহ্বায়ক অধ্যাপক জাহিদুল হাসানের সঙ্গে গত মঙ্গলবার কয়েক দফা যোগাযোগ করা হলেও তিনি ‘মিটিংয়ে আছেন’ বলে ফোন কেটে দেন। গতকাল বুধবার বিকেলেও যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
সাদা প্যানেলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহা. এনামুল হক বলেন, ‘বেতন স্কেল নিয়ে শিক্ষকদের চলমান আন্দোলনকে বেগবান করতে শিক্ষক সমিতির নির্বাচনে তরুণ শিক্ষকেরা সাদা প্যানেলকেই বেছে নেবেন বলে আমরা আশাবাদী। এ ছাড়া কয়েকটি ডিন ও সিন্ডিকেট পদেও আশা করছি জয়লাভ করব।’