হলুদ মেশানো ভাত: তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা দিবসে বিশেষ খাবার হিসেবে টেকনাফে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা দুপুরে পোলাওয়ের বদলে পেল হলুদ মাখা ভাত। খাবারের তালিকায় মসুরের ডাল এবং মিষ্টি থাকলেও তা পাননি রোগীরা। ছবি: প্রথম আলো
স্বাধীনতা দিবসে বিশেষ খাবার হিসেবে টেকনাফে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা দুপুরে পোলাওয়ের বদলে পেল হলুদ মাখা ভাত। খাবারের তালিকায় মসুরের ডাল এবং মিষ্টি থাকলেও তা পাননি রোগীরা। ছবি: প্রথম আলো

স্বাধীনতা দিবসে কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বিশেষ পোলাওয়ের বদলে বদলে হলুদ মেশানো ভাত দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সমন্বয় সভায় তিন সদস্যের ওই কমিটি গঠন করা হয়। কমিটিকে এপ্রিল মাসে অনুষ্ঠেয় সমন্বয় সভায় প্রতিবেদন দিতে বলা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান বলেন, সংশ্লিষ্ট প্রতিবেদনটি সভায় উপস্থাপন করি। সভায় স্থানীয় সাংসদ আব্দুর রহমান বদি উপস্থিত ছিলেন। তিনি এই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলগীর কবির ও স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক এনামুল হককে কমিটির সদস্য করা হয়েছে। আগামী বৈঠকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।

গত মঙ্গলবার প্রথম আলোতে ‘পোলাওয়ের বদলে এল হলুদ মেশানো ভাত’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। তারই সূত্র ধরে উপজেলা সমন্বয় সভায় বিষয়টি উপস্থাপন করা হয় বলে জানান ইউএনও।

তদন্ত কমিটির প্রধান জাফর আহমদ বলেন, প্রথম আলোতে হাসপাতালের রোগীদের খাবার নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটি সাংসদ আব্দুর রহমান বদি আমলে নিয়ে এ কমিটি গঠন করেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ দুপুরে হাসপাতালে রোগীদের খাবারের তালিকায় থাকার কথা ছিল পোলাও, মুরগির মাংসের বড় একটি টুকরো, সেদ্ধ ডিম, মসুরের ডাল, এক টুকরো করে শসা ও টমেটো, একটি কাঁচা মরিচ এবং মিষ্টিজাতীয় কোনো খাবার। কিন্তু টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা পোলাওয়ের বদলে পেয়েছেন হলুদ মেশানো ভাত, সামান্য এক টুকরো মুরগি, শসা, টমেটো ও কাঁচা মরিচ। মিষ্টি ও মসুর ডাল দেওয়াই হয়নি।

ওই দিন সকালের নাশতায়ও ঘটে তালিকা বিপর্যয়। নিয়ম অনুযায়ী সেদ্ধ ডিম, পাউরুটি ও কলা থাকার কথা ছিল। কিন্তু রোগীরা ডিম-পাউরুটি পেলেও কারও ভাগ্যেই কলা জোটেনি। আবার ১৫ টাকার পাউরুটির বদলে তাঁরা পেয়েছেন ৫ টাকা পাউরুটি। যে কলা দেওয়ার কথা ছিল তার দাম ধরা ছিল ৮ টাকা।

স্বাধীনতা দিবসে ৫০ শয্যার টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন মাত্র ১৮ জন রোগী। ওই খাবার সরবরাহের দায়িত্ব ছিল একুশে ট্রেড সলিউশন অ্যান্ড কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি টেকনাফ পৌরসভা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম মনজুরুল করিমের। তিনি নিজেও ওই হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য।