হলুদ রিকশা নিয়ে বিস্তর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান সোসাইটি মসজিদের সামনে থেকে বারিধারা ডিওএইচএস গেটে যাবেন সুরাইয়া রহমান। দেড় বছরের সন্তান কোলে নিয়ে অপেক্ষা করছেন। মিনিট বিশেক পর ‘হলুদ রিকশা’র দেখা মিলল; কিন্তু নির্ধারিত ভাড়ার দ্বিগুণ—৪০ টাকা ভাড়া হাঁকলেন রিকশাচালক। শেষে রফা হলো ৩৫ টাকায়। সুরাইয়া বললেন, ‘এমনই চলছে। নির্ধারিত ভাড়ায় কেউ যাবে না।’
গুলশান-বনানী-নিকেতন সোসাইটি এলাকায় গত বছর চালু হওয়া বিশেষ রিকশা নিয়ে এখনো অভিযোগের শেষ নেই। যাত্রীরা বলছেন, ভাড়ার নির্ধারিত তালিকা মানছেন না চালকেরা। রিকশার সংখ্যাও কম। আর চালকেরা বলছেন, দৈনিক জমার ক্ষেত্রে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা দিতে হচ্ছে তাঁদের।
হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পর নিরাপত্তার জন্য গুলশান, বনানী, বারিধারা, নিকেতন এলাকায় সাধারণ রিকশার চলাচল বন্ধ করে গত আগস্টে চালকদের বিশেষ পরিচয়পত্র দিয়ে এবং ভাড়ার তালিকাসহ হলুদ রঙের রিকশাগুলো চালু হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির পরিচালনায় চলছে এসব রিকশা।
নিকেতন ৪ নম্বর গেটে রিকশা না পেয়ে হেঁটে বাজার গেট পর্যন্ত এসে গতকাল দুপুরে রিকশার খোঁজ করছিলেন বেসরকারি চাকুরে তুহিন শুভ্র। কিন্তু অপেক্ষমাণ ছয়টি রিকশার চালকেরা কেউই নিকেতনের ভেতরের কোনো গন্তব্যে যেতে রাজি হচ্ছিলেন না। তুহিন বলেন, ‘ভাড়ার চার্ট এরা মানে না। নিকেতন এলাকার ভেতর যেকোনো জায়গায় ভাড়া ১৫ টাকা, কিন্তু এরা ২০ টাকার কমে যায় না। গুলশান-১ গেলে ৩০ টাকার ভাড়া নেয় ৪০-৫০ টাকা। বাইরে বেশি ভাড়া পায়, সে জন্য ভেতরে কোথাও যেতে চায় না।’
অন্যদিকে রিকশাচালকেরা বলেন, নির্ধারিত ৩০০ টাকার জায়গায় প্রতিদিন মালিককে ৪০০ টাকা জমা দিতে হচ্ছে তাঁদের। তাই কখনো কখনো বেশি ভাড়া নিচ্ছেন তাঁরা। তিন এলাকার অন্তত ১০ জন রিকশাচালকের সঙ্গে কথা বললে প্রত্যেকেই বাড়তি ১০০ টাকা করে জমা রাখার অভিযোগ করেন। নাম প্রকাশ না করার শর্তে বনানী সোসাইটির তিন রিকশাচালক বলেন, মালিকদের চাহিদা অনুযায়ী টাকা না দিলে রিকশা নিয়ে বের হতে পারেন না তাঁরা।
গত বছর দুই দফায় এক হাজার হলুদ রিকশা নামানো হয়। এর মধ্যে নিকেতন ওয়েলফেয়ার সোসাইটির অধীনে ২০০টি এবং গুলশান ও বনানী সোসাইটি এলাকায় ৪০০টি করে রিকশা ভাগ করে দেওয়া হয়। এলাকাবাসী ও যাত্রীরা বলছেন, রিকশার সংখ্যা চাহিদার তুলনায় অনেক কম।
গুলশানের বাসিন্দা তানজিলা রাব্বী বললেন, রিকশা পেতে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। আর রাত আটটার পর তো রাস্তায় রিকশাই থাকে না। সব গ্যারেজে ঢুকে যায়। এ সমস্যা আগে ছিল না।
রিকশা নিয়ে অভিযোগ জানাতে নিকেতন ও গুলশান সোসাইটির পক্ষ থেকে চালকদের পোশাকে বিশেষ টেলিফোন নম্বর ছাপানো আছে। যাত্রীরা বলেন, নম্বরগুলোতে ফোন করলে কেউ সাড়া দেন না। এই প্রতিবেদক গতকাল দুপুরে একাধিকবার নিকেতন সোসাইটির অভিযোগ জানানোর নম্বরে ফোন করেন। কিন্তু কেউ ধরেননি।
যাত্রীদের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে গুলশান সোসাইটির মহাসচিব ওমর সাদাফ বলেন, যাত্রীদের অভিযোগ আগের তুলনায় অনেক কমে এসেছে। যানজট কমাতে এবং নিরাপত্তার স্বার্থে নতুন করে রিকশা নামানোর পরিকল্পনা নেই। বরং ভেতরের রাস্তাগুলোতে মিনিবাস চালু করা নিয়ে ভাবছেন তাঁরা। তিনি বলেন, ‘আমরা অল্প দূরত্বে হেঁটে যেতে উৎসাহিত করতে চাইছি। এ জন্য ফুটপাতগুলো ঠিকঠাক করা হয়েছে।’
রিকশাচালকদের কাছ থেকে জমা বাবদ বেশি টাকা আদায় সম্পর্কে ওমর সাদাফ বলেন, বেশি ভাড়া নেওয়া জাস্টিফাইড (যৌক্তিক) করতে ওরা এমন বলে। বেশি টাকা নেওয়া হয় না। সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর এই বিষয়টি দেখেন।
গুলশান-১, ২ ও বারিধারা এলাকা ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ডে পড়েছে। ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান বললেন, জমা বাবদ বেশি টাকা আদায়ের ব্যাপারে তিনি কিছু জানেন না। তিন সোসাইটি ব্যাপারগুলো দেখে। তিনি বলেন, ‘রিকশা নিয়ে অনেক বিতর্ক চলছে। আমি করপোরেশনে এ বিষয়ে জানিয়েছি।’