হলুদ সাংবাদিকতা পরিহারে মন্ত্রীর আহ্বান
যাঁরা হলুদ সাংবাদিকতা করেন, তাঁদের তা পরিহার করে সততার সঙ্গে সংবাদ পরিবেশন করার আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধা-বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ রোববার দুপুরে গাজীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মুক্তিযোদ্ধা-বিষয়কমন্ত্রী বলেন, ‘কিছু সংবাদপত্র আছে যারা মিথ্যাচার করে, ব্ল্যাকমেইল করে মানুষকে বিভ্রান্ত করে। এতে সাময়িকভাবে মানুষকে বিভ্রান্ত করা হলেও যারা সত্যিকারভাবে সাংবাদিকতা করেন তাঁরা এসব অন্যায় ও অপপ্রচারে নিজেকে জড়ান না। এবিএম মূসা, মানিক মিয়ার মতো বড় মাপের সাংবাদিকেরা কখনো মিথ্যা সংবাদ পরিবেশন করে জাতিকে উল্টো পথে চালিত করেননি।’
প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক নূরুল ইসলাম, পুলিশ সুপার আবদুল বাতেন প্রমুখ।
অনুষ্ঠানে আগত অতিথিদের প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে প্রয়াত সাংবাদিক এবিএম মূসার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।