হলুদচাষির মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার হলুদচাষিদের মুখে হাসি ফুটেছে। চলতি মৌসুমে প্রতি কেজি হলুদ ১৫ টাকায় বিক্রি হচ্ছে। কৃষকেরা জানান, এ দামে হলুদ বিক্রি করে তাঁরা ধানের চেয়ে বেশি লাভ পাচ্ছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার উপজেলার পাঁচটি ইউনিয়নে ৯৮৫ একর জমিতে হলুদের চাষ হয়েছে। ফলন ভালো হওয়ায় এবং দাম বেশি পাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। গতকাল শুক্রবার তারাগঞ্জ বাজারে গিয়ে চাষিদের ১৫ টাকা কেজি দরে হলুদ বিক্রি করতে দেখা গেছে।
অনন্তপুর গ্রামের কৃষক আবু বক্কর জানান, তিনি এবার নয় হাজার টাকা খরচ করে এক একর জমিতে হলুদ চাষ করেন। হলুদ পেয়েছেন ৮০ মণ। প্রতি মণ ৬০০ টাকা করে ৮০ মণ হলুদ বিক্রি করেন ৪৮ হাজার টাকা। খরচ বাদে তাঁর লাভ হয়েছে ৩৯ হাজার টাকা।
ঘনিরামপুর গ্রামের হলুদচাষি মোবারক হোসেন বলেন, ‘ধানে চেয়া ভাই হলুদের আবাদোত লাভ হয় বেশি। এক শ শতকোত (এক একর জমি) ধান আবাদ করলে খরচ পড়বে ১৪-১৫ হাজার টাকা। খরচ বাদ দিলে লাভ থাকপে ১০-১২ হাজার টাকা। কিন্তুক এক শ শতকোত হলুদ আবাদ করতে খরচ নাগবে খালি ৯-১০ হাজার টাকা। আর বেঁচে পাওয়া যাইবে কম করি হইলেও ৪৫ হাজার টাকা। এতে লাভ থাকপে ৩৬ হাজার টাকা।’
উত্তরপাড়া গ্রামের কৃষক হবিবার রহমান জানান, আগে তিনিও শুধু ধানের চাষ করতেন। কিন্তু গত বছর হলুদ চাষ করে তাঁর ধানের চেয়ে দ্বিগুণ লাভ হয়েছে। এ কারণে এখন তিনি তাঁর উঁচু জমিতে শুধু হলুদ চাষ করছেন। এ বছর দুই একর জমিতে হলুদ চাষ করে তিনি লাভ করেছেন ৭৬ হাজার টাকা।
উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বনাথ সরকার জানান, মার্চ মাসে জমি চাষ করে হলুদ রোপণ করা হয়। ফসল তোলা হয় নভেম্বর-ডিসেম্বরে মাসে। একরে ১০০-১৩০ মণ হলুদ হয়। হলুদখেতে কোনো পোকা আক্রমণ করে না। পরিচর্যাও তেমন করা লাগে না।
উপজেলার কৃষি কর্মকর্তা রেজাউল করিম জানান, লাভ বেশি হওয়া কৃষকেরা ধান ও তামাক চাষ না করে উঁচু জমিতে হলুদ চাষ করছেন। এবার ফলন ভালো হওয়ায় এবং দাম বেশি পাওয়ায় হলুদচাষিরা খুব খুশি।