হলুদের দরপতনে চাষিরা বিপাকে
খাগড়াছড়ির রামগড় ও জয়পুরহাটের হলুদচাষিরা বিপাকে পড়েছেন। পোকার আক্রমণে উৎপাদন কম হওয়ায় এবং বাজারে হলুদের দাম পড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খেতে মাজরা পোকার আক্রমণ ও পচন রোগের প্রার্দুভাব এবং বাজারে ভালো দাম না পাওয়ায় খাগড়াছড়ির রামগড় উপজেলার শতাধিক হলুদচাষির পুঁজি হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জাহেদুল আলম জানান, রমজান মাসে অতি বৃষ্টিপাতের কারণে হলুদখেতে পচন রোগ ধরে। ফলে আশানুরূপ ফলন পাননি কৃষকেরা। উপজেলায় চলতি বছর সহস্রাধিক একর জমিতে হলুদের চাষ হয়েছে।হলুদচাষি ম্রাসাথোয়াই মারমা জানান, গত বছর প্রতি মণ কাঁচা হলুদ দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৫০০ টাকা এবং শুকনা হলুদ নয় হাজার ৫০০ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। তাই উৎসাহ নিয়ে চলতি বছর উচ্চ মূল্যে বীজ কিনে পাঁচ একর টিলায় হলুদের চাষ করেছেন। কিন্তু এখন বাজারে ৪০০ থেকে ৫০০ টাকা মণ দরে কাঁচা হলুদ বিক্রি হচ্ছে। এ অবস্থায় খরচের অর্ধেকও উঠে আসবে না। গুইমারা বাজারের ব্যবসায়ী চাঁন মিয়া জানান, চলতি বছর বিদেশ থেকে হলুদ আমদানি হওয়ায় বাজারে হলুদের ব্যাপক দরপতন হয়েছে। গত বছর যেখানে কাঁচা হলুদ দুই হাজার ৫০০ এবং শুকনা হলুদ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে, সেখানে এবার কাঁচা হলুদ ৪০০ থেকে ৫০০ এবং শুকনা হলুদ মাত্র তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে। মৌসুমের শুরুতেই লোকসানের মুখে পড়েছেন জয়পুরহাটের হলুদচাষিরা। হলুদ চাষ করে বিঘাপ্রতি নয় থেকে দশ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে তাঁদের। জেলার বিভিন্ন হাটবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, এখন মণপ্রতি কাঁচা হলুদ ৩৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। গত বছর এ সময় ওই হলুদ মণপ্রতি এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকায় বিক্রি হয়।হলুদচাষিরা জানান, গত বছর হলুদের দাম বেশি থাকায় তাঁরা এক মণ হলুদ বীজ দুই হাজার ৮০০ থেকে তিন হাজার টাকা মণ দরে কিনেছেন। এক বিঘা জমিতে চার মণ হলুদের বীজ রোপণ করতে হয়। এতে শুধু বীজ বাবদই তাঁদের ১২ হাজার টাকা খরচ করতে হয়েছে। এ ছাড়া সার, কীটনাশক ও মজুরিসহ এক বিঘা জমিতে ১৬ থেকে ১৭ হাজার টাকা খরচ হয়েছে। চলতি মৌসুমে হলুদখেতে ব্যাপক পোকার আক্রমণ থাকায় তাঁদের হলুদ উৎপাদন হয়েছে প্রতি বিঘায় ৩০ থেকে ৪০ মণ। সদর উপজেলার ভাদসার কৃষক মাসুদ হোসেন বলেন, তাঁর খেতের হলুদগাছে পোকার আক্রমণে সব শেষ হয়ে গেছে। এখন খরচের টাকাই উঠবে না।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ২৫০ হেক্টর জমিতে হলুদ চাষ হয়। গতবারের তুলনায় এবার হলুদের বাজার নিম্নমুখী হওয়ায় কৃষকেরা লোকসানের মুখে পড়েছেন।