হলুদের বাম্পার ফলনেও চাষির মুখে হাসি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এবার হলুদের বাম্পার ফলন হলেও দাম কম হওয়ায় কৃষকের মুখে হাসি নেই। অবস্থাপন্ন কৃষকেরা বেশি দামের আশায় হলুদ শুকিয়ে সংরক্ষণ করতে পারলেও পুঁজি না থাকায় ক্ষুদ্র কৃষকেরা অনেক কম দামে হলুদ বিক্রি করতে বাধ্য হচ্ছেন।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, হলুদ চাষের জন্য অত্যন্ত উপযোগী উপজেলার বেশ কিছু এলাকার কৃষকেরা দীর্ঘদিন ধরে হলুদ চাষ করে আসছেন। দুই বছর আগেও হলুদের চড়া দাম ছিল। কিন্তু গত বছর দাম অনেক পড়ে যায়। হলুদচাষিরা আশা করেছিলেন, এবার ভালো দাম পাবেন। তাই চড়া দামের আশায় চাষিরা চলতি মৌসুমে ব্যাপকভাবে হলুদ চাষ করেন।কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর কুকুরমণি জাতের প্রতি মণ হলুদের দাম ছিল ৫৩০ থেকে ৫৫০ টাকা। এবার তা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। আর মালুঞ্চা, তারাগঞ্জ বা পাহাড়ি জাতের হলুদ ১০০ থেকে ২০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। হলুদ তোলার শুরু থেকেই দাম কম হওয়ায় চাষিদের মধ্যে হতাশা নেমে এসেছে।ধোন্দাকোলা গ্রামের হলুদ ব্যবসায়ী আজমল হোসেন বলেন, ‘গত বছর উপযুক্ত দাম না পাওয়ায় হলুদ বিক্রি করতে পারিনি। টাকা আটকে আছে। এবারও হলুদের দাম কম। শেষ পর্যন্ত কী হবে, তা নিয়ে উৎকণ্ঠায় আছি। তাই এবার হলুদ কেনার সাহস পাচ্ছি না।’উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল জানান, চলতি বছর উপজেলার ২৫০ হেক্টর জমিতে হলুদের চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার হলুদের বাম্পার ফলন হয়েছে। তবে আশানুরূপ দাম না পাওয়ায় চাষিরা হতাশ। বংশপরম্পরায় হলুদ চাষ করে আসা মোদক পরিবারের এ প্রজন্মের কৃষক উথলী গ্রামের সুনীল মোদক বলেন, ‘হলুদের পুঁতি হামাকেরে মমতা-ভলোবাসা একনো জ্যাগ্যা আচে। কিন্তুক হামরা আর পাচ্ছি ন্যা। বাস্তবতার কাচে হামাকেরে ভালোবাসা হ্যার‌্যা যাচ্ছে। খ্যাট্যাখুট্যা লাব না হলে ভালোবাসা দিয়া তো প্যাট ভরবি না।’