হলে আসন বরাদ্দের দাবিতে প্রশাসন ভবনে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত হলে আসন বরাদ্দের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন প্রথম বর্ষের ছাত্রীরা। এ সময় উপাচার্য ওই ভবনেই নিজ কার্যালয়ে ছিলেন। পরে ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টরের হস্তক্ষেপে তালা খুলে দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হলে আসন সংকুলান না হওয়ায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া বেশ কিছু ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের তৃতীয় তলা ও চাষী ভবনে রাখে প্রশাসন। চিকিৎসা কেন্দ্রে থাকা ছাত্রীরা তাপসী রাবেয়া হলের অন্তর্ভুক্ত। আজ দুপুর ১২টার দিকে নবনির্মিত হলে আসন বরাদ্দ দেওয়ার দাবিতে ওই ছাত্রীরা প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন। এ সময় উপাচার্য আলী আকবরসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী ভবনে আটকা পড়েন।
পরে বেলা একটার দিকে ছাত্রবিষয়ক উপদেষ্টা জসিমউদ্দিন খান ও প্রক্টর এ কে এম জাকির হোসেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং ভবনের তালা খুলে দেন। নবনির্মিত এই হলটিতে কয়েকটি কক্ষ থাকার উপযোগী করে কয়েকজন ছাত্রীকে রাখা হয়েছে।
ছাত্রীদের অভিযোগ, গত ১০ জানুয়ারি প্রথম বর্ষের পরিচিতিমূলক সভায় উপাচার্য এক মাসের মধ্যে নতুন হলে ছাত্রীদের আবাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছিলেন। তাই তাঁরা অনিরাপদ সত্ত্বেও চিকিৎসা ভবনেই থাকছেন। কিন্তু আজ পর্যন্ত তাঁদের হলে আসন বরাদ্দ দেওয়া হয়নি। তাঁরা বলেন, চিকিৎসা ভবনের চারটি কক্ষে ১২০ জন ছাত্রী থাকেন। আরেকটি কক্ষে থাকেন ৭২ জন। পর্যাপ্ত আলো-বাতাস ও টয়লেটের অভাবে তাঁরা ভালোভাবে পড়াশোনা করতে পারছেন না। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ছাত্রবিষয়ক উপদেষ্টা জসিমউদ্দিন খান বলেন, ‘ছাত্রীরা ভুল বোঝাবুঝি থেকেই এটা করেছে। আমরা ইতিমধ্যে ভর্তি পরীক্ষার মেধাক্রম অনুযায়ী হলের বাইরে থাকা ছাত্রীদের নির্মাণাধীন হলে আসন বরাদ্দ দিচ্ছি। ভবনের যে অংশের কাজ শেষ হয়েছে, ক্রমান্বয়ে সব ছাত্রীদের সেখানে আসন বরাদ্দ দেওয়া হবে।’