হলে আসন বরাদ্দের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক হলগুলোতে আসন বরাদ্দের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছেন। গতকাল সোমবার ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাঁরা আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, হলে পর্যাপ্ত আসন খালি থাকা সত্ত্বেও প্রশাসন থেকে বরাদ্দ না দেওয়ায় তাঁদের বিভিন্ন ছাত্রাবাসে অবস্থান করতে হচ্ছে। ছাত্রশিবির সন্দেহে সেখানে তাঁরা প্রায়ই হয়রানির শিকার হচ্ছেন। এর প্রতিবাদে গতকাল সকাল নয়টার দিকে প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে তাঁরা বিক্ষোভ করতে থাকেন। প্রায় দুই ঘণ্টা পর শিক্ষকেরা এসে আশ্বাস দিলে বিক্ষোভ বন্ধ করেন তাঁরা। তবে হলে ওই শিক্ষাবর্ষের সব শিক্ষার্থীর আসন বরাদ্দ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। ১৯ ফেব্রুয়ারি হলে আসন বরাদ্দের দাবিতে মানববন্ধন করেছিলেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিরাজুল করিম চৌধুরী বলেন, ‘ছাত্রদের সমস্যার বিষয়ে আমরা অবগত। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’