হলে খাওয়ার পানির সংকট
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হলে খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা দেখা দিলেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ওই হলের ছাত্ররা।হল থেকে জানা যায়, ওই হলে বসবাসকারী প্রায় ৩০০ আবাসিক ছাত্রের বিশুদ্ধ খাওয়ার পানির জন্য মাত্র দুটি নলকূপ রয়েছে। এর মধ্যে একটি নলকূপ প্রায় আড়াই বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। অনেক ছাত্র একটি নলকূপ ব্যবহারের কারণে সেটিও মাঝেমধ্যে নষ্ট হয়ে যায়। তখন ভোগান্তিতে পড়েন আবাসিক ছাত্ররা।ছাত্রদের অভিযোগ, ১০ দিন ধরে নলকূপটি থেকে নোংরা পানি বের হলেও হল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে তাঁরা পাশের হল ও অনেকেই ট্যাপের পানি ফুটিয়ে পান করছেন। এ ছাড়া হলে সরবরাহ করা পানিও প্রায়ই বন্ধ হয়ে যায় বলে তাঁদের বিড়ম্বনায় পড়তে হয়। হলের প্রভোস্ট মো. রফিকুল ইসলাম বলেন, পানির সমস্যা খুব দ্রুত সমাধান করা হবে।