হলে খাতা দেখার সুযোগ না দেওয়ায় ছাত্রকে পিটিয়ে জখম করল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পরীক্ষার হলে খাতা দেখে লেখার সুযোগ না দেওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা আসাদুল ইসলাম নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করেছেন। গতকাল শনিবার উপজেলা ক্রীড়া সংস্থা ভবনের সামনে এ ঘটনা ঘটে। আসাদুল উপজেলার লতিফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের ছামাদ মিয়ার ছেলে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ে ‘মডেল টেস্ট’ পরীক্ষা ছিল। পরীক্ষার হলে খাতা না দেখানোর কারণে পরীক্ষা শেষে কলেজের দোতলায় ওয়াসিম নামের এক ছাত্রকে অপর পরীক্ষার্থী রকি মিয়া প্রথমে চর-থাপড় মারে। খবর পেয়ে ওয়াসিম ও তার বন্ধু আসাদুলকে মারার জন্য রকির সহপাঠী অনিক, সাইফুল ও মিলন লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। ভয়ে আসাদুল কলেজের দোতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। দৌড়ে আসাদুল উপজেলা ক্রীড়া সংস্থা ভবনের সামনে আসে। এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এস এম সুমনের নেতৃত্বে রকি, অনিক, সাইফুল ও মিলন কলেজছাত্র আসাদুলকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। পরে গুরুতর আহত অবস্থায় আসাদুলকে উদ্ধার করে এলাকাবাসী কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। মুঠোফোনে যোগাযোগ করা হলে ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এস এম সুমন নিজেকে নির্দোষ দাবি করেন।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।