হলে খাবার খেয়ে ৪০ জন পেটের পীড়ায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের (পুরুষ) একটি হোস্টেলে খাবার খেয়ে গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার সকালে অন্তত ৪০ জন শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থী পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১৭ জনকে ময়মনসিংহের সূর্যকান্ত ডায়রিয়া হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের অন্তর্ভুক্ত বিএড কোর্সের শিক্ষার্থীরা শিল্পাচার্য জয়নুল আবেদিন হলে থাকেন। আর পাশের সৈয়দ শফিকুল হোসেন হলে থাকেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের দীর্ঘ বা স্বল্পমেয়াদি প্রশিক্ষণের জন্য আসা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকেরা। বর্তমানে দুটি হলে শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থী কম থাকায় সবাই জয়নুল আবেদিন হলের ডাইনিংয়ে খাচ্ছেন। গত মঙ্গলবার রাতে সেখানে খাবার খেয়ে তাঁরা নিজ নিজ কক্ষে চলে যান। রাত ১০টার দিকে বিভিন্ন কক্ষের শিক্ষার্থীরা পেটের ব্যথায় অস্থির হয়ে পাতলা পায়খানা ও বমি করতে থাকেন। রাত ১১টা পর্যন্ত জয়নুল আবেদিন হলের কমপক্ষে ২০ জন শিক্ষার্থী ও সৈয়দ শফিকুল হোসেন হলের তিনজন প্রশিক্ষণার্থী একই রোগে আক্রান্ত হন। পর্যায়ক্রমে তাঁদের প্রত্যেককে সূর্যকান্ত হাসপাতালে পাঠানো হয়। পরে গতকাল সকালে জয়নুল আবেদিন হলের আরও প্রায় ২০ জন শিক্ষার্থী একই রোগে আক্রান্ত হন। তবে তাঁদের মধ্যে পাঁচজনকে সূর্যকান্ত হাসপাতালে নেওয়া হলেও অন্যরা হলেই চিকিৎসা নেন।
সূর্যকান্ত হাসপাতালে গিয়ে জানা যায়, মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সকাল ১০টা পর্যন্ত ১৭ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হন। অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে ফিরে গেছেন।
সূর্যকান্ত হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. আবদুল মুকিত বলেন, এটা ঠিক ডায়রিয়া বলা যায় না। এক প্রকার ফুড পয়জনিং (খাদ্যের বিষক্রিয়া)। সাধারণত পচা-বাসি খাবার ও দূষিত পানি পানের কারণে এ ধরনের ঘটনা ঘটে। গতকাল দুপুর ১২টার মধ্যে আক্রান্ত সবাইকে চিকিৎসা শেষে ছুটি দেওয়া হয়েছে।
জয়নুল আবেদিন হলের সুপার আসাদুজ্জামান আকন্দ বলেন, কী কারণে একই দিনে এতজন অসুস্থ হয়ে পড়েন, এর কারণ খতিয়ে দেখা হবে।