কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা ছাত্রী হলে গত শুক্রবার দুই দল ছাত্রীর মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হলের খাবারের মান নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যবস্থাপনা বিভাগের একজন ছাত্রী ডাইনিং ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। গত শুক্রবার রাতে হলে বিশেষ খাবারের আয়োজন করা হয়। রাত ১০টার দিকে বিশেষ খাবারের মান নিয়ে ব্যবস্থাপকের কাছে অভিযোগ তোলেন মার্কেটিং বিভাগের একজন ছাত্রী। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই ছাত্রীর পক্ষ নিয়ে অন্য ছাত্রীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এক ছাত্রীর কপাল কেটে যায়। এর কিছুক্ষণ পর আহত ছাত্রীর পক্ষ নিয়ে কয়েকজন ছাত্রী ডাইনিং ব্যবস্থাপকের কক্ষে গিয়ে ভাঙচুর চালান। মার্কেটিং বিভাগের শিক্ষক মো. আবদুল্লাহ, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মুহম্মদ আহসান উল্লাহ ও ওই হলের হাউস টিউটর অর্থনীতি বিভাগের শিক্ষক শামিমুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। হল প্রভোস্ট আবু তাহের বলেন, ‘খাবারের মান নিয়ে বাগিবতণ্ডার জের ধরে দুই দল ছাত্রীর মধ্যে প্লেট ছোড়াছুড়ি হয়েছে। আমি ব্যক্তিগত কাজে ঢাকায় থাকায় ঘটনার সময় হলে যেতে পারিনি। এ ব্যাপারে শিগগিরই ছাত্রীদের সঙ্গে বৈঠকে বসব।’