ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে গতকাল শুক্রবার হল শাখা ছাত্রলীগের সভাপতির সমর্থকদের সঙ্গে সাধারণ সম্পাদকের সমর্থকদের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
পরে পুলিশ হলে তল্লাশি চালিয়ে দুটি কক্ষ থেকে ২০টি ককটেল, একটি রামদা ও রড উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের আগে দুই পক্ষের দুই শিক্ষার্থীর মধ্যে কথা-কাটাকাটি হয়। বেলা আড়াইটার দিকে হলের ক্যাফেটেরিয়ায় এ নিয়ে দুই পক্ষের কয়েকজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। তখন সাধারণ সম্পাদকের সমর্থক দুই কর্মীকে ধাওয়া করে জসীমউদ্দীন হলের সামনে নিয়ে পেটান সভাপতির সমর্থক কর্মীরা। পরে সাধারণ সম্পাদক আরেফিন সিদ্দিক হলে এসে গেমস রুমের সামনে জড়ো হওয়া তাঁর সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন। সভাপতি মোবারক হোসেনের সমর্থকেরা জড়ো হন হলের মসজিদের সামনে। বেলা তিনটার দিকে সভাপতির সমর্থকদের কাছাকাছি দুটি ককটেলের বিস্ফোরণ ঘটলে প্রতিপক্ষ তাঁদের ধাওয়া করে। সভাপতির অনুসারীরাও পাল্টা ধাওয়া করেন। আধা ঘণ্টার বেশি সময় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় ইটের আঘাতে অন্তত চারজন আহত হন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর, হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে পুলিশ তল্লাশি চালিয়ে সভাপতির পক্ষের একটি কক্ষ থেকে ২০টি ককটেল ও সাধারণ সম্পাদকের পক্ষের কক্ষ থেকে একটি রামদা, বিপুল পরিমাণ রড ও লাঠি উদ্ধার করে।
আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, ‘আমি বিষয়টি মীমাংসা করতে চাচ্ছিলাম। এ সময় তাঁরা ককটেল ফাটালে সংঘর্ষ হয়।’
হল শাখা ছাত্রলীগের সভাপতির মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।
প্রাধ্যক্ষ অধ্যাপক মাকসুদ কামাল বলেন, যে কক্ষ থেকে ককটেল, অস্ত্র পাওয়া গেছে, সেগুলো সিলগালা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। ওই কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।