হলে নিজ কক্ষে গুলিতে ছাত্রলীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুস্তম আলী আকন্দ
রুস্তম আলী আকন্দ

রাজশাহী বিশ্ব-বিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের নিজ কক্ষে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতা রুস্তম আলী আকন্দ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা একটা ২০ মিনিটের দিকে হলের ২৩০ নম্বর কক্ষে তিনি গুলিবিদ্ধ হন। তিনি ওই হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ অভিযোগ করেছে, ইসলামী ছাত্রশিবির পরিকল্পিতভাবে রুস্তমকে হত্যা করেছে। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রশিবির বলেছে, ছাত্রলীগের অন্তঃকোন্দলে তিনি খুন হয়েছেন। রুস্তম হত্যায় জড়িত ব্যক্তিদের ও অতীতে সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে ছাত্রলীগ।
সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, বেলা একটা ২০ মিনিটের দিকে হলের দোতলায় ২৩০ নম্বর কক্ষে গুলির শব্দ হয়। শব্দ ছিল কম। শব্দ শুনে ও খবর পেয়ে আশপাশের কক্ষের শিক্ষার্থীরা ওই কক্ষে গিয়ে রুস্তমকে গুলিবিদ্ধ অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সেখানেই তাঁর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
শিক্ষার্থীরা জানান, জুমার নামাজের সময় হওয়ায় তখন হলে শিক্ষার্থী ছিলেন কম এবং দোতলার বারান্দা ছিল খালি। বারান্দার দিকের জানালার অল্প দূরেই পড়ে ছিলেন রুস্তম। কেউ হয়তো কক্ষে ঢুকে বা বারান্দা থেকে বুকের ডান দিকে একটি গুলি করে পালিয়ে গেছে।
ঘটনার পর সোহরাওয়ার্দী হলে গিয়ে দেখা যায়, তালাবদ্ধ কক্ষটির দুটি চৌকির একটির পায়ার কাছে রক্ত জমাট বেঁধে আছে। কক্ষের সামনে বারান্দার টেবিলে রুস্তমের ভেজা লুঙ্গি ও গামছা পড়ে আছে।
২২৯ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী রাসেল খান বলেন, ‘আমি কক্ষে মুঠোফোনে কথা বলার সময় গুলির শব্দ পাওয়া যায়। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে রুস্তমকে হাসপাতালে নিয়ে যায়।’ তিনি বলেন, ‘আজ (শনিবার) রুস্তমের ৪০৪ নম্বর কোর্সের চূড়ান্ত পরীক্ষা ছিল। তাই সে ভোরে উঠে পড়াশোনা করে। সকালে আমার সঙ্গে কথাও হয়। কয়েক দিন আগে জানিয়েছিল, শিবিরের সঙ্গে তার কোনো একটি বিষয় নিয়ে ঝামেলা চলছিল।’
ওই হলের আবাসিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল গালিব জানান, ২৩০ নম্বর কক্ষে রুস্তম একাই থাকতেন। তিনি মুঠোফোনে টাকা ভরার জন্য হলের ছোট ভাই সেলিমকে দোকানে পাঠিয়েছিলেন। সেলিম ফিরে এসে রুস্তমকে মেঝেতে পড়ে গোঙাতে দেখে তাঁকে জানান। এরপর তাঁরা সবাই সেখানে গিয়ে রুস্তমকে হাসপাতালে নিয়ে যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেবাশীষ বিশ্বাস জানান, রুস্তমের বুকের ডান দিক দিয়ে গুলি ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায়। হাসপাতালে আনতে আনতেই তাঁর মৃত্যু হয়।
ময়নাতদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক কফিলউদ্দিন বলেন, খুব কাছে ও নিচের দিক থেকে গুলিটি লেগেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে গুলিতে নিহত ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দের গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার চকনারায়ণপুরে গতকাল মায়ের আহাজারির সময় লোকজন চোখের পানি ধরে রাখতে পারেননি । প্রথম আলো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে গুলিতে নিহত ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দের গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার চকনারায়ণপুরে গতকাল মায়ের আহাজারির সময় লোকজন চোখের পানি ধরে রাখতে পারেননি । প্রথম আলো

রুস্তম গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার চকনারায়ণপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে। ছাত্রলীগের একটি সূত্র জানিয়েছে, ১০ এপ্রিল অনুষ্ঠেয় সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সম্মেলনে রুস্তম সভাপতি পদপ্রার্থী ছিলেন। এ নিয়ে হলে ছাত্রলীগের কয়েকজনের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল। ছাত্রলীগের ওই পক্ষটি শিবিরের সঙ্গে আঁতাত করে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করিয়ে থাকতে পারে। ঘটনার পর ক্যাম্পাসে শিবিরের রাজনীতি নিষিদ্ধ, রুস্তমের খুনিদের বিচার, ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। বিকেলে সংবাদ ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন বলেন, কয়েক দিন থেকে ছাত্রশিবিরের পক্ষ থেকে মুঠোফোনে রুস্তমকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগে কোনো কোন্দল নেই। সম্মেলন হলে ওই হলে ছাত্রলীগ আরও শক্তিশালী হবে—এ জন্য ছাত্রশিবির পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে।
বিফ্রিংয়ে আজ থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। এতে জানানো হয়, রুস্তমের খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত ক্যাম্পাসে ধর্মঘট চলবে। তৌহিদ জানান, এ ঘটনায় মতিহার থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের মানবসম্পদ উন্নয়ন সম্পাদক জিয়াউদ্দিন বাবলু প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের অন্তঃকোন্দলের কারণেই রুস্তম খুন হয়েছেন। এ ঘটনার সঙ্গে শিবিরের ন্যূনতম সম্পর্ক নেই। আমরা ঘটনার তীব্র নিন্দা এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানাই।’ সন্ধ্যা সাড়ে সাতটায় ক্যাম্পাসে জানাজা শেষে রুস্তমের লাশ গ্রামের বাড়ি গাইবান্ধায় পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। কে বা কারা করেছে, বিস্তারিত কিছু জানা যায়নি। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছি। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাক না কেন, তাদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করা হবে।’
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার প্রলয় চিসিম বিকেলে জানান, এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। তদন্ত চলছে।
পরিবারে মাতম: গাইবান্ধা প্রতিনিধি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিহত রুস্তমের চকনারায়ণপুর গ্রামের বাড়িতে ছিল মাতম। খবর শোনার পর থেকে তাঁর মা রওশন আরা বেগম শোকে পাগলপ্রায়, আহাজারি করছেন। স্বজনেরা তাঁকে সান্ত্বনা দিচ্ছেন। রুস্তমের ছবি দেখিয়ে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, ‘হামার ছোলট্যা নেকাপড়া করব্যার গেচে। তাঈ কোন অন্যায় করে নাই। হামার বুক কেটা খালি করল, বাবা। তোমরা হামার ছোলোক আনি দ্যাও।’
উঠানে নির্বাক দাঁড়িয়ে ছিলেন রুস্তমের বাবা শাহজাহান আলী ও বড় ভাই রওশন আলী। মায়ের আহাজারি দেখে কাঁদছিল ছোট ভাই পঞ্চম শ্রেণীর ছাত্র রাকিব মিয়া। রুস্তম তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয়। বাবা কৃষক। রওশন আলী কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদে চাকরি করেন।